মধ্যরাতে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক

মধ্যরাতে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক

বিনোদন ডেস্ক : রাজধানীর তুরাগের ১৮ নম্বর সেক্টর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর সক্রিয় সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত গভীর রাতে তা‌কে গ্রেফতার করা হয়। 

গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের ডি‌সি (ভারপ্রাপ্ত) ইলিয়াস কবির জানান, রাত পৌনে ৩টার দিকে উত্তরা ১৮ নম্বর সেক্টরের সরকারি আবাসিক কোয়ার্টার থেকে তাকে ‌গ্রেফতার করা হ‌য়ে‌ছে। তবে কী অ‌ভি‌যোগ বা কোন মামলায় তাকে ‌গ্রেফতার করা হ‌য়ে‌ছে, সে বিষয়ে কিছু ব‌লেন‌নি তিনি।

এদিকে পুলিশ তার বাসায় যাওয়ার পর একাধিকবার ফেসবুক লাইভ করেন জ্যোতি। এসময় তাকে কান্না করতেও দেখা যায়।

লাইভে এই অভিনেত্রী দাবি করেন, পুলিশ কেন তার বাসায় এসেছে কিংবা তাকে কেন আটক করা হচ্ছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না। একপর্যায়ে তিনি বলেন, ‘আমাকে বিনা ওয়ারেন্টে পুলিশ ধরতে এসেছে। আমি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নই।’

পুলিশ সদস্যদের উদ্দেশে জ্যোতি আরও বলেন, ‘আমাকে ফোন করলে থানা কিংবা ডিবি অফিসে নিজেই যেতাম। তবে আমার হাতে হাতকড়া পরাবেন না। আমি আপনাদের সঙ্গে যাচ্ছি।’

প্রসঙ্গত, চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। এরপর ‘আলো আসবেই’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আলোচনায় আসে। একই বছরের সেপ্টেম্বরে গ্রুপটির কথোপকথনের কিছু স্ক্রিনশট সোশ্যালে ছড়িয়ে পড়ে। 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191607