দিনাজপুরের পার্বতীপুরে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে ভবের বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৮ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে। এতে ব্যাংক কার্যালয়ের বারান্দার দেয়ালের পাশের বৈদ্যুতিক তার ও ওয়্যারিং পুড়ে গেছে।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. মিজানুর রহমান জানান, দুর্বৃত্তরা অফিসের বারান্দায় পেট্রোল ও মোবিলজাতীয় দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় ব্যাংক ভবনের দ্বিতীয়তলায় অবস্থান করছিলেন তিনি। ধোঁয়ার গন্ধ পেয়ে নিচে নেমে আগুন দেখতে পান।

পরে নৈশপ্রহরীর সহযোগিতায় পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরিকল্পিতভাবে আতঙ্ক সৃষ্টি কিংবা নাশকতার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। এদিকে ব্যাংক কার্যালয়ে অগ্নিসংযোগের খবর ছড়িয়ে পড়লে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং আশপাশের অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দেয়।

ঘটনার খবর পেয়ে পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে বোমাসদৃশ একটি প্লাস্টিকের পাত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191576