বগুড়ার শিবগঞ্জে নবান্ন উৎসবে মাছের মেলা অনুষ্ঠিত
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ পৌর এলাকার উথলী হাটে প্রতিবছরের ন্যায় এবারও বসেছে নবান্ন উপলক্ষে বিশাল মাছের মেলা। বিভিন্ন আকারের ও প্রকারের মাছের সমাহার এই মেলায়। তবে মেলায় মিষ্টির দোকান, খেলনার দোকান,তরতাজা শীতের সবজির বাজার ইত্যাদিরও কমতিও ছিল না। মেলায় ছিল শিশুদের বিনোদনের জন্য নাগরদোলাসহ বিভিন্ন ধরনের মাটির তৈরী খেলনা সামগ্রীও।
মেলায় গিজ গিজ করছিল সব বয়সের মানুষ। সকলের মধ্যেই উৎফুল্লতা চোখে পড়েছে। সে এক অন্য রকম আমেজ। যুগ যুগ ধরে আবহমান বাংলার ঐতিহ্য নবান্ন উৎসব। বাঙালির চিরায়ত ঐতিহ্য নবান্ন উৎসবকে ঘিরে উথলী বাজারে বসেছে প্রায় তিন শতাব্দীর ঐতিহ্যবাহী দিনব্যাপী মাছের মেলা।
স্থানীয়দের ভাষ্যমতে, বাংলা পঞ্জিকার পহেলা অগ্রহায়ণ তথা নবান্ন উৎসবকে কেন্দ্র করে প্রায় ৩০০ বছরেরও বেশি সময় ধরে এ মেলার আয়োজন হয়ে আসছে। মেলা উপলক্ষে উথলী, রথবাড়ি, ছোট ও বড় নারায়ণপুর, ধোন্দাকোলা, সাদুল্যাপুর, বেড়াবালা, আকন্দপাড়া, গরীবপুর, দেবীপুর, গুজিয়া, মেদনীপাড়া, বাকশন, রহবল, মোকামতলা ও লক্ষ্মীকোলাসহ আশপাশের অন্তত ২৫ গ্রামের মানুষের ঘরে ঘরে চলে উৎসবের প্রস্তুতি।
এ উপলক্ষে প্রতিটি বাড়িতে মেয়ে-জামাইসহ আত্মীয়স্বজনদের আগাম নিমন্ত্রণ জানানো হয়। আত্মীয়-স্বজনের আগমন ও আপ্যায়নকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে গ্রামজুড়ে। মেলাকে কেন্দ্র করে আগের রাত থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে বড় বড় মাছ নিয়ে ব্যবসায়ীরা উথলী বাজারে আসতে শুরু করেন। নদী, হাওর ও বিল থেকে ধরা বিভিন্ন প্রজাতির বিশাল আকৃতির মাছ মেলায় সাজিয়ে বসেন বিক্রেতারা।
মাছ বিক্রেতাদের কাছে বছরের অন্যতম আকর্ষণীয় দিন এই মেলা। মাছের পাশাপাশি মেলায় উঠেছে শীতকালীন নানা ধরনের নতুন সবজি, আলুসহ বিভিন্ন কৃষিপণ্য। মাছ ব্যবসায়ী গোপাল দাস, আব্দুল বাছেদ, আবু হাসান বলেন, মেলায় এবার বেচাকেনা ভালো হচ্ছে। ক্রেতাদের উপস্থিতিও বেশ। সকাল থেকেই ভালো বিক্রি হয়েছে।
মেলায় আকারভেদে বড় ধরনের প্রতি কেজি রুই মাছ ৪০০ থেকে ৭০০ টাকা, কাতলা ৪০০ থেকে ৬০০ টাকা, চিতল ৬০০ থেকে ৭০০ টাকা, ব্রিগেট ৩০০ থেকে ৫০০ টাকা এবং সিলভার কার্প ২৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
নবান্ন উৎসবের অন্যতম আকর্ষণ নতুন আলুও। প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে ২০০ টাকায়। মাছের পাশাপাশি মেলায় বসেছে মিষ্টি, দই, জিলাপি, মুড়ি-মুড়কি, খই, মাটির তৈজসপত্র, খেলনা এবং বাঁশ-বেতের সামগ্রীর দোকান। সব মিলিয়ে মেলাটি পরিণত হয়েছে গ্রামীণ ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির এক মিলনমেলায়।
মেলায় আসা বাসিন্দা স্বপন কুমার বলেন, ‘এই মেলা আমাদের এলাকার ঐতিহ্য।
আমাদের বাবা-দাদারাও এখানে আসতেন। ছোটবেলা থেকেই আমরা মেলায় আসছি। এখন সন্তানদেরও নিয়ে আসি, যাতে তারাও এই ঐতিহ্যের সঙ্গে পরিচিত হয়ে বড় হতে পারে। উথলী এলাকার শিক্ষক হারুনুর রশিদ বলেন. বাংলার ইতিহাস ঐতিহ্যের অংশ হিসেবে প্রতিবছর সুশৃঙ্খলভাবে বছরের এই এই দিনে নবান্ন উপলক্ষ্যে একদিনের এই মাছের মেলা হয়ে আসছে। তিনি আরও বলেন, এ সময় আমাদের আত্মীয়-স্বজন বিশেষ করে মেয়ের জামাইদের এই মাছ দিয়ে আপ্যায়ন করা হয়।
মেলার আযোজকরা জানান, বাংলার ইতিহাস ঐতিহ্য অংশ হিসেবে প্রতিবছর সুষ্ঠভাবে নবান্ন উপলক্ষ্যে একদিনের এই নবান্নের মেলা হয়ে আসছে। গত ৩০বছর ধরে এ হাটে নবান্নের উৎসব উপলক্ষে মাছের মেলা দেখে আসছেন।
এবার মেলায় ৭/৮শ মণের বেশি মাছ কেনাবেচা হয়েছে বলে ধারনা করছি। এই উৎসব উপলক্ষে উপজেলা সদর, মহাস্থান, আমতলী, বুড়িগঞ্জ, কিচক, গুজিয়া ও দাড়িদহসহ বিভিন্ন বন্দরে মাছ ব্যবসীদের বড় বড় মাছ বিক্রি করতে দেখা গেছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191575