বগুড়ায় ১২ থানায় পুলিশের হেল্পডেস্কের কার্যক্রম : আইনিসেবা পাচ্ছে নারী-শিশু, প্রতিবন্ধি ও বয়স্করা ভাঙ্গনের হাত থেকে রক্ষা হচ্ছে বহু সংসার

বগুড়ায় ১২ থানায় পুলিশের হেল্পডেস্কের কার্যক্রম : আইনিসেবা পাচ্ছে নারী-শিশু, প্রতিবন্ধি ও বয়স্করা ভাঙ্গনের হাত থেকে রক্ষা হচ্ছে বহু সংসার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় পুলিশের নারী ও শিশু হেল্প ডেস্কের কার্যক্রমের ওপর সাধারণ মানুষের আস্থা বাড়ছে। সদর থানাসহ জেলার ১২টি থানাতেই এ ডেস্ক স্থাপন করে শিশু, নারী, প্রতিবন্ধি ও বয়স্কদের আইনি সেবা দেয়া হচ্ছে। প্রতি বছর এ সেবার পরিধি বাড়ছে।

এতে হাজারো অসহায় মানুষ উপকৃত হচ্ছে। চলতি বছর ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত গত ১০ মাসে শুধু বগুড়া সদর থানার শিশু ও নারী হেল্পডেস্কেই ২ হাজার ৮২০ জন ভুক্তভোগীকে আইনি সেবা দেয়া হয়েছে। পুলিশ সূত্রে এ সব তথ্য পাওয়া গেছে।

থানার নারী ও শিশু ডেস্কের দায়িত্বশীল কর্মকর্তারা  বলছেন, এই ডেস্কে ৮০ শতাংশের বেশি অভিযোগ আসছে পারিবারিক বিষয় নিয়ে। প্রধানত: স্বামী-স্ত্রীর মনোমালিন্য, স্ত্রীর উপর স্বামীর নির্যাতন ও যৌতুকের বিষয় নিয়ে অভিযোগ আসছে বেশি। শারিরিক ও মানসিক নির্যাতন এবং পরকীয়া নিয়েও স্বামীদের বিরুদ্ধে বেশি অভিযোগ করছেন গৃহবধূরা।

বগুড়া সদর থানার নারী ও শিশু হেল্প ডেস্কের দায়িত্বশীল নারী কর্মকর্তা এস.আই জেবুন নেছা বলেন, তাদের ডেস্কেও পারিবারিক বিষয় নিয়েই বেশি অভিযোগ করা হয়ে থাকে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় কাউন্সিলিং এর মাধ্যমে এধরণের অধিকাংশ অভিযোগ নিস্পত্তি করা হচ্ছে। এতে বহু সংসার ভাঙনের হাত থেকে রক্ষা পাচ্ছে।

সেইসাথে ইভটিজিং, যৌন হয়রানী, ধর্ষণ ও ধর্ষণের চেষ্টা, শারিরিক ও মানসিক নির্যাতন, শিশু নির্যাতন ও অপহরণসহ নানান অভিযোগও করছেন ভুক্তভোগীরা। তবে ধর্ষণসহ গুরতর অভিযোগগুলোর বিষয়ে থানায় মামলা দায়ের করে আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হচ্ছে।

তিনি বলেন, স্ত্রীকে মারধর, আঘাত, শারীরিক নিপীড়ন ও পারিবারিক সহিংসতা,ভয়ভীতি প্রদর্শন, অপমান, হুমকি, মানসিক চাপ ও হয়রানি, স্বামী-স্ত্রীর বিরোধ, পারিবারিক অশান্তি, দাম্পত্য কলহ ও যৌন হয়রানি, ইভটিজিং, যৌন নিপীড়ন, শ্লীলতাহানি ও অনাকাক্সিক্ষত যৌন আচরণ,শিশু নিখোঁজ, অপহরন, সাইবার অপরাধ যেমন সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানি, ব্ল্যাকমেইল, ফেক আইডি, ছবি বা ভিডিও ব্যবহার করে হুমকি ও অনলাইন প্রতারণা, পরকীয়াজনিত পারিবারিক সমস্যা, পরকীয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ, বয়স্ক ব্যক্তিদের অবহেলা, নির্যাতন, সম্পত্তি নিয়ে বিরোধ এবং নিরাপত্তাহীনতা, প্রতিবন্ধি নির্যাতন, বৈষম্য, অধিকার বঞ্চনা, নারী ও শিশু পাচার,অসহায়, নির্যাতিত ও বিপদগ্রস্ত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের কাছ থেকে অভিযোগ করা হয়ে থাকে।

পরে প্রয়োজন অনুযায়ী ভুক্তভোগীদের পুলিশি সহায়তা প্রদান করা হয়। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ও ট্রাফিক) মো. আতোয়ার রহমান বলেন ২০১৮ সালে প্রথম বগুড়া সদর, সোনাতলা ও নন্দীগ্রাম থানায় এ ডেস্ক স্থাপন করা হয়। পরে এর সাফল্য দেখে জেলার প্রতিটি থানায় এই ডেস্ক স্থাপন করে শিশু, নারী, প্রতিবন্ধি ও বয়স্কদের আইনী সেবা দেয়া হচ্ছে। নারী ও শিশুদের কোন অভিযোগ নিয়ে থানায় এলে তাদের হেল্প ডেস্কে পাঠানো হয়।

এরপর ডেস্কে নিয়েজিত নারী পুলিশ কর্মকর্তারা তাদের অভিযোগ আমলে নিয়ে ব্যবস্থা গ্রহন করে থাকেন। যদি নারী অভিযোগকারী ও শিশুর অভিযোগের ভিত্তিতে কাউকে গ্রেফতার করতে হয় তাহলে এই ডেস্ক থেকে সেই ব্যবস্থা নেয়া হয়। বগুড়া জেলায় ১২টি থানায় নারী ও শিশু হেল্প ডেস্কের মাধ্যমে কয়েক হাজার নারী ও শিশু এবং ভুক্তভোগী মানুষকে সেবা দেয়া হয়েছে।

ওই ডেস্কে নারী ও শিশুকে যৌন হয়রানী,যৌতুকের কারণে নির্যাতন, ধর্ষণ ও ধর্ষণের চেষ্টা,শারিরিক নির্যাতন,মানসিক,পারিবারিক কলহ, অপহরণ ও বৃদ্ধ বয়সে মা-বাবাকে ভরণ পোষণ না দেয়া ও বৃদ্ধ আশ্রমে জোর করে পাঠানোসহ নানা বিষয়ে অভিযোগ করা হয়ে থাকে।

অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, জেলার সদর থানাসহ শাজাহানপুর, শেরপুর, ধুনট, কাহালু, নন্দীগ্রাম, আদমদিঘী, শিবগঞ্জ, গাবতলী, সোনাতলা,সারিয়াকান্দি মোট ১২টি থানায় নারী ও শিশু হেল্প ডেস্কে শিশু, নারী, প্রতিবন্ধি ও বয়স্কদের আইনী সেবা দেয়া হচ্ছে। এপর্যন্ত কয়েক হাজার মানুষকে এসব সেবা দেয়া হয়েছে।

নারী, বয়স্ক, শিশু ও প্রতিবন্ধীদের সেবা প্রদানের হেল্প ডেস্কে একজন এসআই, একজন এএসআই ও তিনজন নারী কনস্টেবল দায়িত্বপালন করছেন। শুধু বগুড়ই নয়, বাংলাদেশের বিভিন্ন থানায় স্থাপন করা হয়েছে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক। নাম প্রকাশে অনেচ্ছুক এক নারী বলেন, তার স্বামী পরকীয়ায় আসক্ত হয়ে পড়েছিলেন।

তার পরকীয়া বিষয়ে কথা বললে তিনি উত্তেজিত হয়ে পড়তেন এবং তাকে নিয়মিত মারধর করতেন। নির্যাতন সহ্য করতে না পেরে তিনি সদর থানার নারী ও শিশু হেল্পডেস্কে অভিযোগ করেন। পরে ডেস্কের দায়িত্বশীল নারী পুলিশ কর্মকর্তা তাদের এই বিরোধ নিষ্পতি করে দিয়েছেন। ফলে ভাঙ্গার হাত থেকে রক্ষা পেয়েছে তার সংসার।  এই  সেবা পেয়ে তিনি খুশি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191572