জয়বাংলা স্লোগান দিয়ে বগুড়া সদর উপজেলা পরিষদের সামনে ককটেল বিস্ফোরণ

জয়বাংলা স্লোগান দিয়ে বগুড়া সদর উপজেলা পরিষদের সামনে ককটেল বিস্ফোরণ

স্টাফ রিপোর্টার : বগুড়া সদর উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়েছে মোটর সাইকেল আরোহী দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে মহানগরের মাটিডালীতে সদর উপজেলা পরিষদের ফটকের সামনে একটি ককটেল নিক্ষেপ করে জয়বাংলা শ্লোগান দিয়ে পালিয়ে যায়। বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হলে এলাকায় আতংক দেখা দেয়।

পরে ককটেল বিস্ফোরণের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের পর দুর্বৃত্তদের মোটরসাইকেলে করে চলে যেতে দেখা যায়। খবর পেয়ে বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী ও ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলম সহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

ইন্সপেক্টর মাহফুজ আলম জানান, সদর উপজেলা পরিষদের ভেতরে কোন ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেনি। দুর্বৃত্তরা সড়ক থেকে পরিষদের সামনে পটকা ছুঁড়ে পালিয়েছে। তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে ককটেল বা পটকার বিস্ফোরিত অংশ পাওয়া যায়নি।

ঘটনার সময় উপজেলা পরিষদের ফটকে দুজন আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তবে তারা কাউকে শনাক্ত করতে পারেননি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদেরকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল ওয়াজেদ বলেন, রাতে উপজেলা পরিষদের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেও তিনি তা জানতে পারেননি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বিষয়টি জানতে পারেন। তিনি দায়িত্বরত দুই আনসার সদস্যকে বিষয়টি খোঁজ নিতে বলেন। কিন্তু তারা ঘটনাস্থলে ককটেল বা পটকার বিস্ফেরিত অংশ খুঁজে পাননি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191566