বগুড়ার দুপচাঁচিয়ায় নবান্ন উপলক্ষে মাছের মেলা উদ্বোধন
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলা মৎস্য আড়ৎ সমিতির আয়োজনে নবান্ন উৎসব উপলক্ষে মাছের মেলা উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলা সিও অফিস বাসট্যান্ড মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন সংলগ্ন এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া জেলা পুলিশ সুপার পিপিএম মির্জা সায়েম মাহমুদ বলেন, “বাঙ্গালী নবান্নর যে সংস্কৃতি ও ঐতিহ্য তা ধরে রাখতে হবে। এই সংস্কৃতিতে সবাইকে ফিরে আসতে হবে।
আগামীতে ঐতিহ্যর এই নবান্ন মাছের মেলা বৃহৎ পরিসরে করার আহ্বান জানান।” এসময় আমন্ত্রিত অতিথি, ঢাকা সিআইডির বিশেষ পুলিশ সুপার আবুল বাশার মোঃ আতিকুর রহমান, ঢাকা পুলিশ হেড কোয়াটারে এআইজি শফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার আদমদীঘি সার্কেল আসিফ হোসাইনসহ উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম খান স্বপন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাবেক সাধারণ সম্পাদক সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড. সাইফুর রহমান, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান তুহিনসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও মৎস্য আড়ৎ সমিতির বিভিন্ন নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গতকাল বুধবার সকাল থেকে দিনব্যাপী এই বিশাল মাছের মেলায় রুই কাতলসহ বিভিন্ন প্রজাতির মাছ আকৃতি ও ওজন হিসেবে বিভিন্ন দরে বিক্রি করা হয়। এক্ষেত্রে ১৬ কেজির রুই মাছ ১৩’শ টাকা কেজি দরে ও ১৮ কেজির কাতল মাছ ১১’শ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে। নিম্নে ৩৫০টাকা কেজি দরে এই মাছ বিক্রয় করতে দেখা যায়।
দুপচাঁচিয়া উপজেলা ছাড়াও পার্শবর্তী কাহালু, আদমদীঘি, জয়পুরহাট জেলার আক্কেলপুর, কালাই, ক্ষেতলাল ও নওগাঁ জেলা রানিনগর উপজেলা থেকে উৎসুক মানুষকে মাছের মেলায় মাছ কিনতে আসতে দেখা গেছে। মাছ ক্রেতারা জানান গতবারের চেয়ে এবার মাছের দাম তুলনামূলক বেশি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191562