নবান্ন উৎসব উপলক্ষে জয়পুরহাটের কালাইয়ের পাঁচশিরাতে মাছের মেলা

নবান্ন উৎসব উপলক্ষে জয়পুরহাটের কালাইয়ের পাঁচশিরাতে মাছের মেলা

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : নবান্ন উৎসব উপলক্ষে জয়পুরহাটের কালাই পৌরশহরের পাঁচশিরা বাজারে বসেছে এক দিনের ঐতিহ্যবাহী মাছের মেলা। প্রতি বছর ভোর ৪টা থেকে দিনব্যাপী চলে এই মেলায় মাছ কেনা-বেচার উৎসব। তাইতো এই দিনের অপেক্ষার প্রহর গুনেন এ উপজেলার গ্রাম-গঞ্জের লোকজন। সকাল থেকেই মেলায় ভিড় জমিয়েছেন জামাই-মেয়েরা ছাড়াও সব বয়সী মানুষ।

আজ বুধবার (১৮ নভেম্বর) ভোর থেকে মেলা জুড়ে ছিল জামাই-মেয়েসহ নানা বয়সীর কৌতুহলী মানুষের ঢল। প্রায় একশ’ ছয় বছর পূর্ব থেকে জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচশিরা বাজারে নবান্ন উৎসবকে ঘিরে চলে আসছে এই মেলা। নদী, দীঘি ও পুকুরের স্বাভাবিক বেড়ে ওঠা দেশী প্রজাতির টাটকা-জীবিত মাছে ভরপুর ছিল পাঁচশিরার মেলা।

এই দিন উৎসব করতে দূর-দূরান্তে বসবাসরত জামাই-মেয়ে, বিয়াই-বিয়ানসহ নিকট আত্মীয়-স্বজনরা এসেছেন। এইদিনে মুলত জামাই-মেয়েরা তাদের সামর্থ অনুযায়ী অন্যকে প্রতিযোগী ভেবে মেলা থেকে মাছ ক্রয় করে শ্বশুর বাড়িতে নিয়ে যান।

মেলায় এবার সর্বোচ্চ ২৬ কেজি ওজনের একটি কাতল মাছ বিক্রি হয়েছে ৪২ হাজার টাকায় এবং ২০ কেজি ওজনের একটি সিলভারকার্প মাছ বিক্রি হয়েছে ২২ হাজার টাকায়। মেলার আয়োজন করেছে স্থানীয় মাছ ব্যবসায়ীরা। গত এক সপ্তাহ ধরে চালানো হয়েছে মাইকে প্রচার। গত বছরের তুলনায় এবার মেলায় লোকজনের উপস্থিতি ছিল বেশী।

মেলায় মাছ কিনতে এসেছেন নাটোর জেলা থেকে আগত কালাই উপজেলার আঁওড়া গ্রামের জামাই সাজ্জাদুল বারী। তিনি বলেন, এই দিন আসার আগেই শ্বশুর দাওয়াত করেন। যত ব্যস্ত থাকিনা কেন, মেলায় আসি। এই দিনের আয়োজনই জামাই-মেয়েকে কেন্দ্র করে, সে কারনে মাছ একটা কিনতেই হয়। এবার ১৫ কেজি ওজনের একটি কাতলা মাছ কিনেছি। অন্য বছরের চেয়ে এবার মাছের দাম একটু বেশী। তারপরও ভাল লাগছে।

মাছ ব্যবসায়ী সাইফুল ইসলাম, নজরুল ইসলাম ও উজ্জল চন্দ্র জানান, নবান্ন উৎসব উপলক্ষে অগ্রহায়ণ মাসের প্রথম দিনে এখানে মেলা বসে। এবার মেলাতে নানান জাতের বড় বড় মাছ সংগ্রহ করা হয়েছে। কাতলা, রুই, মৃগেল ৭’শ থেকে ১৫’শ টাকা কেজিতে এবং বোয়াল ও চিতল মাছ ১৩’শ থেকে দুই হাজার টাকা কেজিতে বিক্রি হয়েছে।

মাঝারি সাইজের মাছ ৪০০ টাকা থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। অন্য বছরের তুলনায় এবার ক্রেতা ছিল বেশী। মাছও বিক্রি হয়েছে বেশী প্রচুর। দাম ছিল স্বাভাবিক। এবার মাছ নিয়ে বিপাকে পড়তে হয়নি। লাভ হয়েছে মোটামুটি। 

আঁওড়া মহল্লার আব্দুল মজিদ বলেন, এই দিনের অপেক্ষায় মেয়ে-জামাই, নাতি-নাতনি ও আত্মীয়-স্বজনরা চেয়ে থাকে। এই প্রথা বাপ-দাদার আমল থেকে দেখে আসছি। কষ্ট হলেও তাদের জন্য আয়োজন করতে হয়। আজ মেলাতে এসেছি বড় একটা মাছ কিনতে। ১৯ হাজার টাকায় ১১ কেজি ওজনের একটি কাতলা মাছ কিনেছি। মাছ কিনে আমিসহ আমার নাতি-নাতনিরা বেশ খুশি। 

পাঁচশিরা বাজার ইজারাদার আব্দুল লতিফ বলেন, আসলে এ মেলার কোন আয়োজক নেই। প্রতিবছর এই দিনে নবান্ন উৎসব উপলক্ষ্যে মাছ ব্যবসায়ীরা মেলার আয়োজন করেন। তারা মাইকে প্রচারও করেন। এই দিনে আমদানি যেমন হয় তেমনি বিক্রিও হয়।

কালাই উপজেলা মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম(অতিরিক্ত দায়িত্ব)  বলেন, মেলায় ছোট বড় বিভিন্ন প্রজাতির মাছ ওঠেছে। বড় বড় মাছ দেখে চাষীদের আগ্রহ বাড়ছে। মেলায় কমপক্ষে সোয়া কোটি টাকার মাছ ক্রয়-বিক্রয় হয়েছে। মৎস বিভাগ চাষীদের সবসময় মাছ চাষে পরামর্শ দিয়ে আসছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191548