উচ্ছেদ করা স্থানে ফের হকার বসলেই মামলা হবে

উচ্ছেদ করা স্থানে ফের হকার বসলেই মামলা হবে

উচ্ছেদ করা স্থানে পুনরায় হকার বা অবৈধ দখলদারদের বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, উচ্ছেদ করা স্থানে কেউ পুনরায় বসার চেষ্টা করলে আবারও অভিযান চালানো হবে। পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে মামলা করা হবে।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী। সংসদ সদস্য সেলিনা সুলতানা জানতে চান, রাজধানীর গুলিস্তান, ফার্মগেট, মিরপুরসহ বিভিন্ন ব্যস্ত এলাকায় ফুটপাত অবৈধ দখলমুক্ত করে পথচারীদের চলাচল সহজ করতে কী উদ্যোগ নিয়েছে সরকার।

উচ্ছেদ অভিযানে সাধারণ মানুষের প্রশংসা পাওয়া গেলেও পরে যাতে আবার ফুটপাত দখল না হয়, সে জন্য নিয়মিত তদারকি, স্থায়ী ব্যবস্থাপনা এবং ফুটপাত পথচারীদের জন্য সংরক্ষিত রাখতে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা কী?

জবাবে প্রধানমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) গুরুত্বপূর্ণ সড়কগুলো থেকে বিভিন্ন ধরনের ভাসমান দোকান ও হকার উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে। এ বিষয়ে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্দেশনা দেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ‘ঢাকা শহরের হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬’ অনুযায়ী কার্যক্রম চলমান।

তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) হকার ব্যবস্থাপনা কার্যক্রমের অংশ হিসেবে গুলিস্তান ও নিউমার্কেট এলাকায় সড়ক ও ফুটপাত থেকে হকার উচ্ছেদ করছে। পর্যায়ক্রমে গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত সড়ক ও ফুটপাত হকারমুক্ত করা হবে।

উচ্ছেদের পর যাতে পুনরায় ফুটপাত দখল না হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত তদারকি প্রয়োজন। সরকার প্রণীত ‘ঢাকা শহরের হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬’ অনুযায়ী হকারদের শৃঙ্খলার মধ্যে আনতে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। শুধু নিবন্ধিত হকারদের সিটি করপোরেশন নির্ধারিত স্থানে অস্থায়ীভাবে বসার সুযোগ দেওয়া হবে।

হকারদের অস্থায়ীভাবে বসানোর ক্ষেত্রে অব্যবহৃত সড়ক ও পথচারীদের চলাচলের জন্য পর্যাপ্ত জায়গা রেখে অবশিষ্ট ফুটপাত বিবেচনা করা হবে। এরই মধ্যে গুলিস্তান এলাকায় ৭৪০ জন হকারের তথ্য সংগ্রহ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের নিবন্ধনের আওতায় আনা হবে। জায়গা পাওয়া সাপেক্ষে পর্যায়ক্রমে অন্যান্য এলাকার হকারদেরও নিবন্ধন করা হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191541