স্ত্রীর ‘পরকীয়া কাজে লাগিয়ে’ ১ লাখ কোটি টাকার সাম্রাজ্য গড়লেন স্বামী

স্ত্রীর ‘পরকীয়া কাজে লাগিয়ে’ ১ লাখ কোটি টাকার সাম্রাজ্য গড়লেন স্বামী

আন্তর্জাতিক ডেস্ক : স্ত্রীর সঙ্গে এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংয়ের পরকীয়ার সম্পর্ক নিয়ে যখন তুমুল আলোচনা চলছে, তখন সামনে এসেছে তার স্বামী কাং ওয়েইয়ের বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যের তথ্য। চীনে সরকারি সহায়তায় ডেটা সেন্টার গড়ে তুলেছেন এই ব্যবসায়ী। 

২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ক্যাং ওয়েইয়ের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ডেটা সেন্টার প্রকল্পে বিনিয়োগের প্রস্তাব করা হয় প্রায় ৯০০ কোটি ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ লাখ ১২ হাজার ২৭৫ কোটি টাকা। এসব প্রকল্পে চীনা সরকারের আর্থিক ও অবকাঠামোগত সহায়তা ছিল। অন্যদিকে, তার স্ত্রী অ্যালিস হুয়াং এনভিডিয়ার উন্নত কম্পিউটিং চিপ সংগ্রহে সক্রিয় ভূমিকা রাখেন।

বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের অনুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। চীনের সরকারি নথি ও বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য পর্যালোচনা করে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ক্যাং ওয়েইয়ের ডেটা সেন্টার ব্যবসার মূল ভিত্তি সাংহাইভিত্তিক প্রতিষ্ঠান সেঞ্চুরি লংটেং। ২০২১ সালের শেষ দিকে প্রতিষ্ঠানটির মাধ্যমে এ ব্যবসার সম্প্রসারণ শুরু হয়। এতে সাংহাইয়ের স্থানীয় সরকারি একটি সংস্থার ১০ শতাংশ এবং ক্যাংয়ের ব্যবসায়িক উদ্যোগ হেক্সি ক্যাপিটাল-সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের ২৭ শতাংশ মালিকানা ছিল। বাকি ৬৩ শতাংশের মালিক ছিল সেঞ্চুরি হুয়াটং।


২০২২ সালের শুরুতে চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠান হুয়াওয়ের সঙ্গে চুক্তি করে সেঞ্চুরি লংটেং। এর আওতায় ক্লাউড ডেটা সেন্টার, জ্বালানি অবকাঠামো ও কম্পিউটিং সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়। এরপর দেশটির বিভিন্ন অঞ্চলে বড় বড় ডেটা সেন্টার নির্মাণের উদ্যোগ সামনে আসে।

এর মধ্যে চীনের উহু শহরে ৪৫০ কোটি ডলারের প্রকল্প ছিল অন্যতম। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৫৬ হাজার ১৩৮ কোটি টাকা। প্রায় ৪১ লাখ বর্গফুট এলাকাজুড়ে আটটি ভবন নির্মাণ এবং ২৪ হাজার সার্ভার র্যাক স্থাপনের পরিকল্পনা ছিল প্রকল্পটিতে। চীনা সরকারের পক্ষ থেকে এতে বিদ্যুৎ ও অবকাঠামোগত সহায়তা দেওয়া হয়। চলতি বছরের এপ্রিল পর্যন্ত অন্তত একটি ভবনের নির্মাণকাজ শেষ হয়েছিল।

এ ছাড়া ২০২৪ সালে সিচুয়ান প্রদেশের লিয়াংশানে প্রায় ৫০০ কোটি ডলারের আরেকটি প্রকল্প হাতে নেওয়া হয়। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬২ হাজার ৩৭৫ কোটি টাকা। শেনজেনেও সেঞ্চুরি লংটেং-সংশ্লিষ্ট আরেকটি ডেটা সেন্টার প্রকল্পের তথ্য পাওয়া গেছে।

এনভিডিয়ার চিপ পেতে স্ত্রীর তৎপরতা

স্বামীর ডেটা সেন্টার ব্যবসা যখন চীনে বিস্তৃত হচ্ছিল, তখন এনভিডিয়ার উন্নত চিপ সংগ্রহে তৎপর ছিলেন অ্যালিস হুয়াং। তিনি মেগাস্পিড নামের একটি প্রতিষ্ঠানের নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২৩ সালে এনভিডিয়ার উন্নত কম্পিউটিং চিপের সরবরাহ নিশ্চিত করতে তৎপর হন অ্যালিস হুয়াং। ওই বছরের নভেম্বরের মধ্যে মেগাস্পিড এনভিডিয়াকে জানায়, চীনের বৃহৎ অনলাইন বাণিজ্য প্রতিষ্ঠান আলিবাবা তাদের প্রধান গ্রাহক হবে। এর পর মেগাস্পিড এনভিডিয়ার ক্লাউড পার্টনারের স্বীকৃতি পায়। এর ফলে প্রতিষ্ঠানটি চিপ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার সুবিধা পায়।

একই মাসে মালিকানা পুনর্গঠনের কারণে মেগাস্পিডে অ্যালিসের নিবন্ধিত পরিচালকের দায়িত্বের অবসান ঘটে। তবে জেনসেন হুয়াংয়ের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক অব্যাহত ছিল। ২০২৩ সালের শেষ দিকে সিঙ্গাপুরের একটি রেস্তোরাঁয় এবং পরের বছর তাইপের কম্পিউটেক্স প্রযুক্তি সম্মেলনে তাদের একসঙ্গে দেখা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, মেগাস্পিডের সংগ্রহ করা এনভিডিয়ার কিছু চিপ পরে চীনে পাঠানো হয়েছিল। তবে এসব চিপ কাংয়ের ডেটা সেন্টারগুলোতে পৌঁছেছিল কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো প্রমাণ পাওয়া যায়নি। একইভাবে, চীনের সরকার মেগাস্পিডকে চিপ সংগ্রহের নির্দেশ দিয়েছিল, এমন তথ্যও নেই।

২০২৪ সালের শেষ দিক থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত কাং ও অ্যালিস যৌথভাবে সাংহাই ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় কয়েকটি ডেটা সেন্টার প্রকল্পের জন্য বিনিয়োগকারীদের কাছে প্রস্তাব দেন। তিন বছরে বিনিয়োগের অর্থ তিন গুণ করার সম্ভাবনার কথাও জানান তারা। চীনে এনভিডিয়ার চিপ নেওয়ার পথ রয়েছে বলেও বিনিয়োগকারীদের আশ্বস্ত করেছিলেন তারা।

তদন্তের মুখে মেগাস্পিড, আটক ক্যাং

২০২৫ সালের ফেব্রুয়ারিতে সার্ভার কেনাকাটায় মিথ্যা ঘোষণা দেওয়ার সন্দেহে সিঙ্গাপুরে মেগাস্পিড ও প্রতিষ্ঠানটির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্তকারীরা অপরাধের পর্যাপ্ত প্রমাণ না পেলেও অ্যালিস হুয়াংকে সতর্ক করা হয় এবং সিঙ্গাপুরে পুনরায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। মেগাস্পিড ও আরও ছয় ব্যক্তির বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

অন্যদিকে, শেয়ারবাজারে কারসাজির সন্দেহে চলতি বছরের শুরুর দিকে সাংহাইয়ে আটক হন ক্যাং ওয়েই। পরে তিনি মুক্তি পান। সব মিলিয়ে, কাং ও অ্যালিসের ব্যবসায়িক তৎপরতা যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তিগত প্রতিযোগিতার সঙ্গে কীভাবে জড়িয়ে পড়েছিল, তা নতুন করে আলোচনায় এসেছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191507