নেতানিয়াহুকে প্রথম ধাক্কা, আরবদের সমর্থনে নেসেটে নতুন স্পিকার
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের পার্লামেন্টে বড় ধাক্কা খেল দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার বিরোধী শিবিরের সমর্থনে নেসেটের নতুন স্পিকার নির্বাচিত হয়েছে গাদি আইজেনকোটের দল ইয়াশার পার্টির সদস্য মাতান কাহানা। আরব আইনপ্রণেতাদের গুরুত্বপূর্ণ সমর্থনে পাওয়া এ জয়কে নেতানিয়াহুর আইন প্রণয়নের উদ্যোগগুলো আটকে দেয়ার পথে বিরোধীদের প্রথম বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) ১২০ আসনের নেসেটে অনুষ্ঠিত ভোটে ৬৬টি ভোট পেয়ে স্পিকার নির্বাচিত হন গাদি আইজেনকোটের ইয়াশার পার্টির সদস্য কাহানা। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী লিকুদ পার্টির প্রার্থী অফির কাটজ পেয়েছেন ৫২ ভোট। এর মধ্য দিয়ে নেতানিয়াহুবিরোধী শিবির পার্লামেন্টে গুরুত্বপূর্ণ জয় পেল। এছাড়া এ বিজয় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা।
সংবাদমাধ্যম বলছে, ‘পরিবর্তনপন্থি জোটের’ ঐক্যবদ্ধ সমর্থনে এ জয় পেয়েছেন কাহানা। ইয়াশার, টুগেদার, ইসরায়েল বেইতেনু ও ডেমোক্র্যাটস পার্টি নিয়ে গঠিত এ জোটের পাশাপাশি জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জয়েন্ট লিস্ট ও ইউনাইটেড আরব লিস্টের (রা’আম) ১৯ জন আইনপ্রণেতা। এদিকে বিদায়ী স্পিকার আমির ওহানাকে নেতানিয়াহুর অন্তর্বর্তী প্রশাসনে কৌশলগত বিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভোটের আগে পার্লামেন্টের অধিবেশনে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। ভোট পিছিয়ে দিতে বিদায়ী ডানপন্থি জোটের সদস্যরা দীর্ঘ বক্তৃতার মাধ্যমে আলোচনা প্রক্রিয়া দীর্ঘায়িত করার চেষ্টা করেন।
জানা যায়, আরব আইনপ্রণেতাদের পার্লামেন্টের ডেপুটি স্পিকার পদে নিয়োগ না দেয়ার নিশ্চয়তা চেয়েছিল নেতানিয়াহুর লিকুদ পার্টি। এ নিয়ে দলটির সঙ্গে ইয়াশার পার্টির আলোচনা ভেস্তে যায়। আইজেনকোট ও কাহানা এ শর্ত প্রত্যাখ্যান করেন। তারা বরং দুই আরব সদস্যসহ মোট ৯ জন ডেপুটি স্পিকার নিয়োগের আগের সমঝোতা বজায় রাখার পক্ষে অবস্থান নেন। পার্লামেন্টে বক্তব্য দিতে গিয়ে আইজেনকোট বলেন, কাহানার নির্বাচিত হওয়া পরিবর্তনপন্থি সংখ্যাগরিষ্ঠের বিজয়। নাগরিক বা আইনপ্রণেতাদের বিভিন্ন স্তরে ভাগ করে দেখানোর যে বক্তব্য দেয়া হয়, তা-ও প্রত্যাখ্যান করেন তিনি।
এদিকে আরব আইনপ্রণেতারা এ ফলাফলকে স্বাগত জানিয়েছেন। জয়েন্ট লিস্টের চেয়ারম্যান ইউসুফ জাবারিন বলেন, তার জোট লিকুদ পার্টিকে ঠেকাতে কাজ করবে। আইনপ্রণেতা আহমাদ তিবি এ ভোটকে ‘সংশোধনের পথে প্রথম পদক্ষেপ’ বলে অভিহিত করেন। মূলত স্পিকারের পদে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ফলে পার্লামেন্টের কার্যসূচি নির্ধারণে বিরোধী শিবির গুরুত্বপূর্ণ ক্ষমতা পেল। অন্যদিকে সরকার গঠনের জন্য আইজেনকোটকে দেয়া ২৮ দিনের সময়সীমা চলছে। গত ৮ নভেম্বর প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ তাকে এ দায়িত্ব দেন। সূত্র : আল জাজিরা
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191465