মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ
মফস্বল ডেস্ক : রাজধানীর মিরপুর-১৩ নম্বর এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সংঘর্ষে বিএনপির চার থেকে পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন। এছাড়া একজন নিরাপত্তাকর্মী ও একজন অফিস সহকারীর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে মিরপুর-১৩ সেকশনের প্রিন্স বাজারের বিপরীত পাশে এবং ‘লোড স্টার ফ্যাশন’ ও ‘মিড এশিয়া ফ্যাশন’ পোশাক কারখানা এলাকায় এ ঘটনা ঘটে।
মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকরা সকালে কারখানা থেকে বের হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে পাশের জকি গার্মেন্টস, ভিশন গার্মেন্টস ও আইডিয়াস গার্মেন্টসের শ্রমিকদের উৎপাদন কার্যক্রমেও বাধা দিয়ে তাদের কারখানা থেকে বের করে আনা হয়।
পুলিশ জানায়, লোড স্টার ফ্যাশন ও মিড এশিয়া ফ্যাশন কারখানা দুটিতে প্রায় পাঁচ হাজার শ্রমিক রয়েছেন। আন্দোলনের একপর্যায়ে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এ অভিযোগকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের বাগ্ধসঢ়;বিতণ্ডা শুরু হয়। পরে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় রূপ নেয়।
পুলিশের তথ্য অনুযায়ী, শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করলে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা তাদের বাধা দেন। এসময় কয়েকজন শ্রমিককে লাঠি দিয়ে আঘাত করা হয়। পরে শ্রমিকেরা পাল্টা প্রতিরোধ করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে আহত বিএনপির চার থেকে পাঁচজন নেতাকর্মীকে মিরপুর-১৪ এলাকার মার্কস মেডিকেলে নেয়া হয়। তাদের মধ্যে মাথায় আঘাত পাওয়া দুজনও রয়েছেন। অন্যদিকে, ভবনে কর্মরত একজন নিরাপত্তাকর্মী ও একজন অফিস সহকারীর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক দফায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। প্রথমদিকে তিন থেকে চারটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপের কথা জানা গেলেও পরে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড ছোড়ে। এর মাধ্যমে আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়।
পুলিশের মিরপুর বিভাগের এডিসি জাহিদুল ইসলাম জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে কারখানা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191451