নেতানিয়াহুকে খুব একটা বিশ্বাস করতাম না: বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর খুব একটা আস্থা ছিল না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। নিজের নতুন স্মৃতিকথা ‘প্রমিজ মি, আমেরিকা’ বইয়ে নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং বিশ্বের বিভিন্ন নেতাকে নিয়ে ব্যক্তিগত মূল্যায়ন তুলে ধরেছেন তিনি।
২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের পক্ষেও নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন বাইডেন। তিনি জানিয়েছেন, একই পরিস্থিতি তৈরি হলে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হলেও একই সিদ্ধান্ত নিতেন। তবে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ও জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি সেনা প্রত্যাহারের সম্ভাব্য পরিণতি নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন।
বাইডেন বলেন, তাকে আশ্বস্ত করা হয়েছিল, মার্কিন সেনারা চলে যাওয়ার পরও আফগান সরকার অন্তত ছয় মাস টিকে থাকতে পারবে। কিন্তু বাস্তবে কয়েক দিনের মধ্যেই সরকারের পতন ঘটে। এর আগে ২০২০ সালের ফেব্রুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে সেনা প্রত্যাহার নিয়ে চুক্তি হয়েছিল।
নেতানিয়াহুর সঙ্গে সম্পর্কের বিষয়ে বাইডেন লিখেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী দেশের দীর্ঘমেয়াদি স্বার্থের চেয়ে নিজের স্বল্পমেয়াদি রাজনৈতিক ভবিষ্যৎকে বেশি গুরুত্ব দিতেন। তাদের দুজনের মধ্যে পারস্পরিক বিশ্বাসের অভাব ছিল বলেও উল্লেখ করেন তিনি।
বাইডেনের অভিযোগ, নেতানিয়াহুর আচরণে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু বৈশিষ্ট্য ছিল। তিনি নিজের সুবিধামতো সত্য উপস্থাপন করতে পারতেন এবং ব্যক্তিগত স্বার্থে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রভাবিত করতেও দ্বিধা করতেন না।
তবে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর ইসরায়েলের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে কোনো অনুশোচনা নেই বলে জানিয়েছেন বাইডেন। একই সঙ্গে গাজায় বিপুলসংখ্যক নিরপরাধ ফিলিস্তিনির মৃত্যু তাকে গভীরভাবে ব্যথিত করেছে বলেও স্মৃতিকথায় উল্লেখ করেছেন।
বিশ্বের অন্যান্য নেতাকে নিয়েও নিজের মূল্যায়ন তুলে ধরেছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আচরণকে ‘খিটখিটে’ বলে বর্ণনা করেছেন তিনি। বাইডেনের ভাষ্য, বৈঠকে পুতিন ইচ্ছাকৃতভাবে গা এলিয়ে বসতেন এবং কিশোরের মতো অনাগ্রহী থাকার ভান করতেন।
অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিনয়ের অভিজ্ঞতাকে যুদ্ধকালীন নেতৃত্বের জন্য কার্যকর প্রশিক্ষণ হিসেবে দেখেছেন বাইডেন। তার মতে, অভিনেতা হিসেবে জেলেনস্কির অতীত অভিজ্ঞতা একজন যুদ্ধকালীন নেতার জন্য বেশ সহায়ক হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191297