রংপুরের উন্নয়নের বিষয়ে ঐক্যবদ্ধ হতে হবে : জেলা পরিষদ প্রশাসক
রংপুর জেলা প্রতিনিধি: রংপুর জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম বলেছেন, রংপুরকে আর অবহেলিত রাখা যাবে না। রংপুরের উন্নয়নের বিষয়ে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সকল জেলা তাদের নিজ উন্নয়নে ঐক্যবদ্ধ আমরাও পিছিয়ে থাকতে চাই না। গতকাল রোববার রাতে ক্লাব চত্বরে সিটি প্রেস ক্লাব রংপুরের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা পরিষদ প্রশাসক বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নিয়েছে। সাংবাদিকদের স্বীকৃতি ও মর্যাদা উন্নয়নে সরকারের তথ্য মন্ত্রণালয় কাজ করছে। আন্দোলন সংগ্রামে রংপুর যেমন এগিয়ে তেমনি এবার উন্নয়নেও এই জেলাকে এগিয়ে থাকতে হবে।
দলমত নির্বিশেষে রংপুরের উন্নয়নে পাশে থাকতে হবে। জেলার উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অগ্রগণ্য। আমাদের সমস্যা ও উন্নয়ন মিডিয়ায় তুলে ধরতে হবে। কোন জেলাকে পিছিয়ে রেখে উন্নয়ন বাস্তবায়ন সম্ভব নয়। সকল জনগোষ্ঠীকে সাথে নিয়ে আমরা রংপুরের উন্নয়ন বাস্তবায়ন করতে চাই।
সিটি প্রেস ক্লাব রংপুরের সভাপতি স্বপন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- তিস্তা ইউনিভার্সিটির চেয়ারম্যান মো. আশরাফুল আলম আল আমিন, রংপুর সাংবাদিক ইউনিয়ের সভাপতি আলহাজ সালেকুজ্জামান সালেক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্স প্রধান গবেষণা কর্মকর্তা ও জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ড. মো. রোকনুজ্জামান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শিমুল, পীরগঞ্জ প্রেস ক্লাব সদস্য আব্দুল করিম সরকার, সিটি প্রেস ক্লাব রংপুরের আইন উপদেষ্টা এড. পলাশ কান্তি নাগ, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, সিনিয়র সহ-সভাপতি এস এম খলিল বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারেক, কোষাধ্যক্ষ রেজাউল ইসলাম জীবন, দপ্তর সম্পাদক কামরুল হাসান টিটু, প্রচার সম্পাদক ফুয়াদ হাসান, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক শাহআলম, সদস্য সচিব হাসান ফেরদৌস রাসেল প্রমুখ।
এর আগে, প্রধান অতিথি সিটি প্রেস ক্লাবের নবনির্মিত ভবন পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। সেইসাথে তিনি ক্লাব ঘর উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক মো. সাইফুল ইসলামকে সম্মাননা জানানো হয়। পরে অতিথিবৃন্দ সিটি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191276