বগুড়ার নন্দীগ্রামে দুই যুগেও চালু হয়নি ২০ শয্যার হাসপাতাল

বগুড়ার নন্দীগ্রামে দুই যুগেও চালু হয়নি ২০ শয্যার হাসপাতাল

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে প্রায় দুই লক্ষাধিক মানুষের বসবাসের বিপরীতে পৌর শহর বা তার আশপাশে জরুরি ও উন্নত চিকিৎসাসেবার পর্যাপ্ত সুযোগ নেই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি পৌর শহর থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে বিজরুল বাজার এলাকায় অবস্থিত হওয়ায় জরুরি পরিস্থিতিতে রোগীদের যাতায়াত ও খরচের ভোগান্তি পোয়াতে হয়।

স্বাস্থ্যসেবার সংকট কাটাতে ২০০১-২০০২ অর্থবছরে নন্দীগ্রাম পৌর এলাকায় একটি ২০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২০০২ সালের ৮ মার্চ হাসপাতালটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং ২০০৬ সালের ১৮ অক্টোবর ৩ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত অবকাঠামোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। তবে উদ্বোধনের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রয়োজনীয় জনবল ও সরঞ্জামের অভাবে এটি পূর্ণাঙ্গভাবে চালু হয়নি।

বর্তমানে হাসপাতালটিতে সীমিত পরিসরে কেবল বহির্বিভাগের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। গত মাসে বহির্বিভাগ থেকে ১ হাজার ১৭৩ জন রোগী সেবা নিলেও হাসপাতালটির ভবন ও অবকাঠামোর অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। এছাড়া অনুমোদিত ১৩টি পদের মধ্যে মেডিকেল অফিসারের পদটি শূন্য রয়েছে। ইনডোর বা ভর্তি রোগীর চিকিৎসা বন্ধ থাকায় নার্স ও ল্যাব অ্যাসিস্ট্যান্ট সহ কয়েকজন কর্মচারীকে অন্যত্র ডেপুটেশনে দায়িত্ব পালন করতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ দিনেও হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু না হওয়ায় কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনের সুফল থেকে তারা বঞ্চিত হচ্ছেন। এমনকি সন্ধ্যার পর পৌর শহরের বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিজ্ঞ চিকিৎসক না থাকায় গুরুতর অসুস্থ রোগীদের প্রায় ১৯ কিলোমিটার দূরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে হয়। দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে পথিমধ্যে রোগীর মৃত্যুর ঘটনাও ঘটেছে।

হাসপাতালটির সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালুর প্রক্রিয়া রয়েছে। অন্যদিকে, স্থানীয় সংসদ সদস্য জানান যে নন্দীগ্রামের মানুষের হাতের কাছে চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবং জরুরি রোগীদের ভোগান্তি কমাতে এটি নির্মিত হয়েছিল।

হাসপাতালটি দ্রুত পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সাথে যোগাযোগ করেছেন এবং সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি জরুরি রোগী পরিবহনের সুবিধার জন্য একটি অ্যাম্বুলেন্সও প্রদান করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191268