৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচন-পরবর্তী উন্নয়ন পরিকল্পনা এবং নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রী এই সফর করবেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়গুলো এই সফরের সাথে সম্পৃক্ত রয়েছে।

সফরকালে প্রধানমন্ত্রী কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

সফরে জেলার ঐতিহ্যবাহী দুটি শিল্পপ্রতিষ্ঠান—কুষ্টিয়া সুগার মিল লিমিটেড এবং মোহিনী মিলস লিমিটেডের অর্থনৈতিক পুনরুজ্জীবন, নতুন কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

দীর্ঘদিন ধরে নানা সংকট ও অব্যবস্থাপনায় ধুঁকতে থাকা এই প্রতিষ্ঠান দুটি পুনরায় চালুর বিষয়ে স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশা রয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে শিল্পপ্রতিষ্ঠান দুটির অর্থনৈতিক কর্মকাণ্ড আবারও সচল হওয়ার নতুন আশার সঞ্চার হয়েছে।

কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর কুষ্টিয়া অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সফরের মধ্য দিয়ে জেলার উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর আসন্ন এই সফরকে ঘিরে ইতোমধ্যে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক উৎসাহ ও আলোচনা শুরু হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191252