নিখোঁজের ছয় দিন পর কালীনদী থেকে দিনমজুরের অর্ধগলিত মরদেহ উদ্ধার
ঝিনাইদহের শৈলকুপার কালীনদী থেকে নিখোঁজের ছয় দিন পর এক দিনমজুরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার কচুয়া গ্রামের পালপাড়া কালীনদীর ঘাট থেকে তুষার পাল (৫৭) নামের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, কচুয়া গ্রামের নদীর মাঝে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করলে স্বজনরা তার পরিচয় শনাক্ত করেন। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
তুষার পালের ভাতিজা তরঙ্গ পাল জানান, তুষার পাল গত মঙ্গলবার সকালে কাজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। সোমবার দুপুর ১টার দিকে কালীনদীতে স্থানীয় বাসিন্দারা একটি মরদেহ দেখতে পান। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করার পর আমরা নিশ্চিত হই, মরদেহটি তুষার পালের।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, কালীনদী থেকে তুষার পাল (৫৭) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191251