বগুড়ার কাহালুতে অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম আগুনে পুড়িয়ে ধ্বংস

বগুড়ার কাহালুতে অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম আগুনে পুড়িয়ে ধ্বংস

কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রঞ্জিতপুর গ্রামের পাশে নাগর নদে অবৈধভাবে বালু উত্তোলনের পয়েন্টে অভিযান চালিয়ে স্থাপনা ও বালু উত্তোলনের বিভিন্ন সরঞ্জাম আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

গতকাল রোববার সন্ধ্যায় মোবাইল কোর্টের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: মলিহা খানম। প্রশাসনের অভিযানের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা। পরে ওই পয়েন্টের স্থাপনা ও বালু উত্তোলনের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

স্থানীয় রঞ্জিতপুর গ্রামের বাসিন্দারা জানান, পার্শ্ববর্তী দুপচাঁচিয়া উপজেলার তালোড়া এলাকার এক ব্যক্তি এবং রঞ্জিতপুর গ্রামের আরও দুই ব্যক্তি বসতবাড়ি ও আবাদি জমিসংলগ্ন নাগর নদে ড্রেজার মেশিন বসিয়ে বেশ  কিছুদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। এতে নদের তীরবর্তী বসতবাড়ি ও আবাদি জমি হুমকির মুখে পড়ার আশঙ্কা দেখা দেয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191250