এমএফএস প্রতারণা ঠেকাতে সিম নিবন্ধন ও ভুয়া নম্বর বন্ধে ব্যবস্থা
বিকাশ, নগদ ও রকেটসহ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে প্রতারণা করে গ্রাহকের টাকা চুরি এবং ফিশিং লিংকের মাধ্যমে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। এ লক্ষ্যে গ্রাহকের জাতীয় পরিচয়পত্রের বিপরীতে নিবন্ধিত সিম দিয়ে এমএফএস অ্যাকাউন্ট খোলা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক ও বিটিআরসি সমন্বিতভাবে কাজ করছে।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে যশোর-১ আসনের সংসদ সদস্য মুহাম্মাদ আজীজুর রহমানের লিখিত প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এসব তথ্য জানান।
প্রশ্নে সংসদ সদস্য জানতে চান, বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে সাধারণ মানুষের অ্যাকাউন্ট হ্যাক বা প্রতারণার মাধ্যমে টাকা চুরির ঘটনা ঘটছে কি না। এ ছাড়া ফিশিং ইমেইলের মাধ্যমে মোবাইলের গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক এবং হোয়াটসঅ্যাপ ও ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণার মাধ্যমে টাকা দাবি করা হচ্ছে। এসব সমস্যা সমাধানে সরকারের পরিকল্পনা কী?
জবাবে মন্ত্রী জানান, এমএফএস ব্যবহার করে প্রতারণা ও টাকা চুরি প্রতিরোধ এবং গ্রাহকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সচেষ্ট রয়েছে।
তিনি জানান, বায়োমেট্রিক যাচাই ছাড়া কোনও সিম নিবন্ধন না করার বিষয়টি নিশ্চিত করতে কার্যক্রম জোরদার করা হচ্ছে। একইসঙ্গে গ্রাহকের নিজস্ব জাতীয় পরিচয়পত্রের বিপরীতে নিবন্ধিত সিম ব্যবহার করে এমএফএস অ্যাকাউন্ট খোলার বিষয়টি নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক ও বিটিআরসি সমন্বিতভাবে কাজ করছে।
এ ছাড়া এমএফএস সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে খুদে বার্তা, ভয়েস মেসেজ ও বিভিন্ন গণমাধ্যমে নিয়মিত গ্রাহক সচেতনতামূলক প্রচার চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রী আরও জানান, ফিশিং লিংক, ভুয়া ওয়েবসাইট এবং প্রতারণামূলক কার্যক্রমে ব্যবহৃত নম্বর বন্ধে বিটিআরসি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।