চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইয়াবাসহ বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেফতার
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইয়াবা ট্যাবলেটসহ হেলাল (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। এ ছাড়া বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আটজন এবং নিয়মিত মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
আজ সোমবার (১৬ নভেম্বর) দুপুরে দামুড়হুদা মডেল থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, আজ ভোরে উপজেলার ভগিরথপুর থেকে লক্ষ্মীপুরগামী সড়কে নির্মাণাধীন একটি সেতুর ওপর অভিযান চালিয়ে হেলালকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। হেলাল চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়ার গ্রামের মৃত আবুস উদ্দিনের ছেলে।
অন্যদিকে, একই দিন ভোরে থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ইকরামুল, নুরুল ইসলাম, আলামিন, রাশিদুল, মামুন, মাফুজ, ইব্রাহিম ও রিটু মন্ডলকে গ্রেফতার করা হয়। একই অভিযানে নিয়মিত মামলার আসামি ঝন্টু মিয়াকেও (৪২) গ্রেফতার করা হয়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, গ্রেফতার ১০ জনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191224