জয়পুরহাটের পাঁচবিবিতে পতিত জমি ও রাস্তার ধারে তিল চাষে আগ্রহ বাড়ছে
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: সব শ্রেণির মাটিতে উৎপাদন হওয়ায় এবং অল্প শ্রম ও কম খরচের কারণে জয়পুরহাটের পাঁচবিবিতে তিল চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের। বাজারমূল্য ভালো হওয়ায় পতিত জমি ও রাস্তার পাশে তিল চাষ করে লাভবান হওয়ার আশা করছেন তারা।
তিল শুধু একটি ফসল নয়, এর ব্যবহার বহুবিধ। ভোজ্য তেল ও তরকারি হিসেবে বাসা-বাড়িতে তিলের চাহিদা বেড়েছে। তেমনি তিল থেকে তৈরি নাড়ু, খাজা, মোয়াসহ নানা মুখরোচক খাবারও বেশ জনপ্রিয়। পাশাপাশি প্রসাধনী শিল্পেও তিলের তেল ব্যবহার হচ্ছে। সব মিলিয়ে আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশা করছেন কৃষকরা।
পাঁচবিবি উপজেলা কৃষি অফিসে তিল চাষের সঠিক কোনো পরিসংখ্যান না থাকলেও চলতি মৌসুমে উপজেলার বাগজানা, ধরঞ্জী, আয়মারসুলপুর ও বালিঘাটা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১৫ হেক্টর পতিত জমি, রাস্তার পাশের জায়গা ও জমির আইলে প্রচুর তিল চাষ হয়েছে।
তিল চাষে তেমন খরচ নেই। প্রতি বিঘা তিল চাষে হালচাষ ও সারসহ প্রায় ৩ থেকে ৪ হাজার টাকা খরচ হয়। প্রতি বিঘা জমি থেকে ৩ থেকে ৪ মণ তিল পাওয়া যায় বলে কৃষকরা জানান। বাজারে মান অনুযায়ী প্রতি মণ তিল ১০ হাজার থেকে ১২ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।
উপজেলার দমদমা গ্রামের তিল চাষি আনিছুর রহমান জানান, তিনি প্রতিবছর অনাবাদি জমিতে তিল চাষ করেন। অন্যান্য ফসলের তুলনায় সেখানে তিল চাষ করে মোটামুটি লাভবানও হন। তাই এবারও ৩ বিঘা জমিতে তিল চাষ করেছেন। তিনি বলেন, তিল চাষে সার ও কীটনাশক তেমন লাগে না বললেই চলে। গরু-ছাগলে তিল তেমন একটা খায় না। তাই রক্ষণাবেক্ষণে খরচ হয় যৎসামান্য।
কাঁচনা গ্রামের কৃষক ইমরান আলী বলেন, অন্যান্য ফসল তেমন না হওয়ায় ১৬ শতক জমিতে তিল চাষ করেছেন। বাড়িতে সারা বছর ভর্তা হিসেবে খাওয়ার জন্য রেখে বাকিটা বিক্রি করে দেবেন। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রাণী সেহানবীশ বলেন, উপজেলায় ২০২৫-২৬ খরিপ-২ মৌসুমে ১৫ হেক্টর জমিতে তিলের চাষাবাদ হয়েছে।
তিল ফসল মূলত বসতবাড়ির আশপাশে, রাস্তার ধারে, পুকুরপাড়ে, ফসলের জমির আইলে এবং কিছুসংখ্যক জমিতে মাঠফসল হিসেবে চাষাবাদ হয়। প্রতি বিঘায় ৩ থেকে সাড়ে ৩ মণ হারে ফলন পাওয়া যায়। এ ফসলে পোকামাকড় ও রোগবালাইয়ের আক্রমণ এবং পরিচর্যা খরচ কম। তাই উৎপাদন খরচ অন্যান্য ফসলের তুলনায় অনেক কম। বর্তমান সময়ে বাজারমূল্য ভালো পাওয়া এবং স্থানীয় পর্যায়ে ও বাইরের জেলাগুলোতে ব্যাপক চাহিদা থাকায় কৃষক পর্যায়ে তিলের আবাদ দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191223