মাদারীপুরে শিবচরে পুকুরে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

মাদারীপুরে শিবচরে পুকুরে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু
মাদারীপুরের শিবচরে উপজেলা পরিষদের পুকুরে ডুবে জুনায়েত (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।]
 
আজ সোমবার (১৬ নভেম্বর) দুপুরে গোসল করতে নেমে এ দুর্ঘটনার শিকার হয় সে।
 
জুনায়েতের বাবা ওবায়দুল খালাসী। তাদের পরিবার শিবচর উপজেলা স্বাস্থ্য কলোনির একটি ভাড়া বাসায় বসবাস করে।

পরিবার সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে লাইফ জ্যাকেট সঙ্গে নিয়ে উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে যায় জুনায়েত। তবে পানিতে নামার সময় সে লাইফ জ্যাকেটটি পরেনি। পরে তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে পুকুরের সিঁড়িঘাটে তার লাইফ জ্যাকেট পড়ে থাকতে দেখেন স্বজনেরা। পরে পুকুরে তল্লাশি চালিয়ে জুনায়েতের নিথর দেহ উদ্ধার করা হয়।
 
দুপুর আনুমানিক ২টার দিকে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আল-মমিন বলেন, শিশুটিকে হাসপাতালে আনার পর তার পালস ও হার্টবিট পরীক্ষা করা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191218