মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু
দীর্ঘ বিরতির পর মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া এগিয়ে নিতে বাংলাদেশে মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) থেকে দেশটির অনুমোদিত ৫১টি মেডিকেল সেন্টারে পূর্ণাঙ্গভাবে এ কার্যক্রম চালু হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বরাতে মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর মালয়েশিয়ায় নতুন করে কর্মী নিয়োগের প্রস্তুতির অংশ হিসেবে গত ৬ নভেম্বর বাংলাদেশের ৫১টি অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করে দেশটির ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস)।
এফডব্লিউসিএমএসের তথ্য অনুযায়ী, তালিকাভুক্ত মেডিকেল সেন্টারগুলো বাংলাদেশের সংশ্লিষ্ট সরকারি সংস্থার নিবন্ধিত। পাশাপাশি মালয়েশিয়ার প্রতিষ্ঠান ‘বেস্টিনেট এসডিএন বিএইচডি’র প্রয়োজনীয় নিরীক্ষা (অডিট) প্রক্রিয়ায় উত্তীর্ণ হয়েছে এসব কেন্দ্র।
মালয়েশিয়ায় কাজ করতে আগ্রহী কর্মীদের ইলেকট্রনিক ভিসা উইথ রেফারেন্স (ই-ভিডিআর) আবেদনের পরবর্তী ধাপে যাওয়ার আগে এসব কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা বাধ্যতামূলক।
এদিকে, মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। কোনো মেডিকেল সেন্টার যাতে নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় কিংবা চাকরিপ্রার্থীদের হয়রানি করতে না পারে, সে বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
এর আগে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে মেডিকেল অনুমোদন প্রক্রিয়া সহজ ও গতিশীল করা এবং পদ্ধতিগত জটিলতা দূর করার দাবি জানিয়ে আসছিল রিক্রুটিং এজেন্সিগুলো। এ বিষয়ে প্রবাসী কল্যাণ ভবনে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতিনিধিদের একটি সভাও অনুষ্ঠিত হয়।
যেসব ৫১টি মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করা যাবে
মতিঝিল : এশিয়া ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার, মেডিনেট মেডিকেল সার্ভিসেস ও রামিন হেলথ সেন্টার।
ফকিরাপুল : ওয়াদি হেলথ চেকআপ ও মেডিফ্লাই হেলথ সার্ভিসেস।
পুরানা পল্টন : ইবনে ওমর মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ইউনিটি মেডিকেল চেকআপ সেন্টার, এ এফ মেডিকেল সেন্টার, স্টার মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক, আনাস মেডিকেল সেন্টার লিমিটেড ও আল-জামী ডায়াগনস্টিক সেন্টার।
নয়াপল্টন : আইডিয়াল ডায়াগনস্টিক, সানলাইট ডায়াগনস্টিক, রিলায়েন্স ল্যাব, প্রাইম ডায়াগনস্টিক, হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার ও ওয়ান প্লাস মেডিকেল সেন্টার।
বিজয়নগর ও ডিআইটি অ্যাভিনিউ : পারফেক্ট মেডিকেয়ার, কমফোর্ট মেডিকেল চেকআপ সেন্টার ও ভিটা হেলথ মেডিকেল।
বনশ্রী ও রামপুরা : ফেমাস স্পেশালাইজড হাসপাতাল, লিডিং হেলথ চেকআপ লিমিটেড, ডায়নামিক ল্যাব, ডেল্টা হেলথ কেয়ার ও পিওর হেলথ মেডিকেল সেন্টার।
বনানী ও কাকলী : গ্লোবাল মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার, সারা মেডিকেল সেন্টার, সারা হেলথ কেয়ার, এলবি হেলথকেয়ার, সানমুন মেডিকেল সেন্টার ও পুষ্প ক্লিনিক।
অন্যান্য এলাকা : প্রগতি সরণির ইনডেক্স ডায়াগনস্টিক সেন্টার, উত্তর বাড্ডার ল্যাব কোয়েস্ট লিমিটেড, মাদানি অ্যাভিনিউয়ের স্ট্যান্ডার্ড মেডিকেল সেন্টার এবং বসুন্ধরা আবাসিক এলাকার সুরক্ষা মেডিকেল সেন্টার।
দক্ষিণখান, উত্তরা ও আবদুল্লাহপুর : জান্নাহ মেডিকেল সার্ভিসেস, মাইল্যাব মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও আইচি হাসপাতাল।
গাজীপুর : শাহিদা খাতুন ডিজিটাল মেডিকেল সেন্টার।
ধানমন্ডি ও ক্যান্টনমেন্ট : গ্রিন রোডের ল্যাব সায়েন্স ডায়াগনস্টিক, মানিকদীর ইশতিয়াক মেডিকেল সেন্টার ও ট্রু হেলথ মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।
মাটিকাটা ও কাফরুল : মেডিপ্যাথ মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও স্মার্ট মেডিকেল সেন্টার।
অন্যান্য কেন্দ্র : নিউ ইস্কাটনের ইউনিকেয়ার মেডিকেল সার্ভিসেস, মগবাজারের গ্রিনল্যান্ড মেডিকেল সেন্টার, কাকরাইলের কেয়ার ওয়েভ, মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, তেজগাঁওয়ের জারা হেলথ কেয়ার, তেজগাঁও বিমানবন্দর সড়কের এভারগ্রিন মেডিকেল সেন্টার এবং কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের ওয়ার্ল্ড হরাইজন মেডিকেল সার্ভিসেস।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191217