বান্দরবানের গহিন সীমান্তে ত্রিমুখী শূন্যরেখায় ৮ বাংলাদেশি আটক

বান্দরবানের গহিন সীমান্তে ত্রিমুখী শূন্যরেখায় ৮ বাংলাদেশি আটক

বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় বাংলাদেশ-ভারত-মিয়ানমার ত্রিদেশীয় সীমান্তের শূন্যরেখা থেকে সন্দেহজনক গতিবিধির কারণে ছয় বাংলাদেশি নাগরিককে আটক করেছে রুমা ব্যাটালিয়নের (৯ বিজিবি) সদস্যরা। এ সময় তাদের পথপ্রদর্শক হিসেবে সঙ্গে থাকা ম্রো সম্প্রদায়ের স্থানীয় দুই ব্যক্তিকেও আটক করা হয়।

রোববার (১৫ নভেম্বর) রাত ১১টার দিকে ত্রিদেশীয় সীমান্তের ২৩/৩৪ নম্বর পিলার সংলগ্ন শূন্যরেখায় বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদের আটক করা হয়।

আটক ছয় বাংলাদেশি হলেন- ঝিনাইদহ জেলার বারইহুদা গ্রামের মো. আমিরুল ইসলামের ছেলে মো. আব্দুল আহাদ (২২), বরগুনা জেলার নারুলি পশ্চিমপাড়ার মো. শেরআলীর ছেলে মো. হাসান সিহাব (২৮), ঢাকার খিলক্ষেত গ্রামের মো. আবুল হাসানের ছেলে মো. নাহিদ হাসান আশিক (৩৩), পোস্টগোলা এলাকার মৃত গিয়াস উদ্দিন ইসলামের ছেলে এস ইসলাম সোহেল (৩৮), ভোলার জিনাগড় গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে মো. হোসেন শরিফ (২৯) এবং চট্টগ্রামের উত্তর পতেঙ্গা গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে মো. মিনহাজুর রহমান সানি (২৬)।

এ ছাড়া আটক স্থানীয় দুই ব্যক্তি হলেন- পায়ারিংয়ের ছেলে লংওয়াং মুরং (২৫) এবং খামেসা মুরংয়ের ছেলে তনয় মুরং (৩০)। তারা দুজনই ম্রো সম্প্রদায়ের সদস্য।

আজ সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টায় রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হাসান শাহরিয়ার।

প্রেস ব্রিফিংয়ে বিজিবি জানায়, বিভিন্ন জেলা থেকে আসা ছয়জন বাংলাদেশি এবং স্থানীয় দুই পথপ্রদর্শকসহ মোট আটজন গত ৫ নভেম্বর থানচি হয়ে ত্রিদেশীয় সীমান্ত এলাকায় যান। পরবর্তী সময়ে তারা বাংলাদেশের অভ্যন্তর থেকে সীমান্ত অতিক্রম করে ত্রিমুখী সীমান্তের শূন্যরেখার কাছাকাছি অবস্থান করছিলেন। তাদের সন্দেহজনক গতিবিধির খবর পেয়ে বিজিবির সদস্যরা ১৫ নভেম্বর রাতে ২৩/৩৪ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদের আটক করে রুমা ক্যাম্পে নিয়ে আসেন।

আটক ব্যক্তিদের কাছ থেকে দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থান ও রাত্রিযাপনের উপযোগী খাদ্যসামগ্রী, রান্নার সরঞ্জাম, ছুরি, দা, চাপাতি এবং ক্যাম্পিংয়ের জন্য প্রয়োজনীয় তাঁবুসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।

রুমা ব্যাটালিয়ন ৯ বিজিবি লে. কর্নেল মো. হাসান শাহরিয়ার বলেন, আটক ব্যক্তিরা বেশ কয়েক দিন ধরে সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছিলেন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় ছয় বাংলাদেশি ও স্থানীয় দুই পথপ্রদর্শককে আটক করা হয়েছে। তারা কেন সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছিলেন কিংবা কোনো সশস্ত্র সংগঠনের সঙ্গে জড়িত কি না, তা পুলিশের তদন্তের মাধ্যমে বিস্তারিত জানা যাবে। আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত রাখবে।

এ সময় রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)-এর উপ-অধিনায়ক ক্যাপ্টেন নুর মো. নাহিয়ান ইসলাম, কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন চৌধুরী এবং অনারারি সহকারী পরিচালক শ্রী সরোজ কুমার সাহাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191216