সিসিইউ থেকে কেবিনে স্বাস্থ্যমন্ত্রী

সিসিইউ থেকে কেবিনে স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তিনি শারীরিকভাবে এখন সুস্থ আছেন।
 
 
সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
 
এর আগে রবিবার (১৫ নভেম্বর) বিকাল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়। তার হৃদযন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। একই হাসপাতালে গত শনিবার স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করা হলে হৃদযন্ত্রের তিনটি স্থানে ব্লক শনাক্ত হয়। পরবর্তী সময়ে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দুটি ব্লকে রিং পরানো হয়। অপর ব্লকটি ডাইলেশন (বেলুনের মাধ্যমে রক্তনালি প্রসারিত করা) পদ্ধতিতে চিকিৎসা করা হয়েছে।
 
অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল সফলভাবে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করেন।
 
উল্লেখ্য, দেশের বাইরে চিকিৎসা গ্রহণের সুযোগ থাকলেও স্বাস্থ্যমন্ত্রী দেশেই চিকিৎসা গ্রহণের সিদ্ধান্ত নেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191213