মিয়ানমার থেকে চোরাচালানে আনা ৮০ টিয়া পাখিসহ দুই পাচারকারী গ্রেফতার
চট্টগ্রামের মিরসরাইয়ে মিয়ানমার থেকে চোরাচালানের মাধ্যমে আনা ৮০টি টিয়াপাখিসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সরকারি শুল্ক ফাঁকি দিয়ে এবং প্রচলিত নিষেধাজ্ঞা ও নিয়ন্ত্রণবিধি লঙ্ঘন করে পাখিগুলো আনার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
আজ সোমবার (১৬ নভেম্বর) জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় ওমেরা এলপিজি কারখানার সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে জোরারগঞ্জ থানা-পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন মিরসরাইয়ের খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া এলাকার মৃত নুরুন নবীর ছেলে সফর আলী (৪৫) এবং হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের পূর্ব মন্দাকিনি এলাকার আবু তাহের মিয়ার ছেলে মো. মামুন (৩১)।
পুলিশ জানায়, সরকারি শুল্ক ফাঁকি দিয়ে এবং নিষেধাজ্ঞা ও নিয়ন্ত্রণবিধি লঙ্ঘন করে মিয়ানমার থেকে চোরাচালানের মাধ্যমে টিয়াপাখিগুলো আনা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হালিম বলেন, এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি/২৫ডি ধারায় জোরারগঞ্জ থানায় মামলা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পাখিগুলো বন বিভাগের কর্মকর্তারা নিয়ে গেছেন।
করেরহাট রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. মারুফ হোসেন বলেন, পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৮০টি টিয়াপাখি সোমবার দুপুরে করেরহাট রেঞ্জের আওতাধীন বনভূমি এলাকায় অবমুক্ত করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191208