উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের পাশ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (১৬ নভেম্বর) দুপুরে পালংখালী ইউনিয়নের বালুখালী ক্যাম্প এলাকার হাইওয়ে রেস্টুরেন্টের পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া বলেন, বালুখালী ক্যাম্প এলাকার হাইওয়ে রেস্টুরেন্টের পেছন এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এখনও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার বলেন, পুলিশ অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম-ঠিকানা শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি ওই নারীর মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার অপেক্ষা করতে হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191198