বিজয় দিবসে স্মৃতিসৌধসহ দেশের বিভিন্ন অনুষ্ঠানস্থলে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

বিজয় দিবসে স্মৃতিসৌধসহ দেশের বিভিন্ন অনুষ্ঠানস্থলে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ দেশের বিভিন্ন অনুষ্ঠানস্থলে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে স্মৃতিসৌধ ও এর প্রবেশপথে পর্যাপ্ত সংখ্যক সিসি ও আইপি ক্যামেরা স্থাপন করা হবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মহান বিজয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তাবিষয়ক প্রস্তুতিমূলক আন্তঃমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সভায় সিদ্ধান্ত হয়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, দেশি-বিদেশি ভিভিআইপি এবং সাধারণ মানুষের সাভার জাতীয় স্মৃতিসৌধে যাতায়াত ও পুষ্পস্তবক অর্পণের সময় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। স্মৃতিসৌধ এলাকায় স্থাপিত সিসি ক্যামেরাগুলো ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও সংশ্লিষ্ট পুলিশ কন্ট্রোলরুমের সঙ্গে সংযুক্ত থাকবে।

বিজয় দিবসের অনুষ্ঠান ঘিরে সম্ভাব্য বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্পেশাল ব্রাঞ্চসহ (এসবি) অন্যান্য গোয়েন্দা সংস্থাকে সতর্ক থাকার এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, বঙ্গভবনে বিজয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে আগত অতিথিদের দেহ ও যানবাহনে তল্লাশিসহ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের বিভিন্ন অনুষ্ঠানস্থলেও বিশেষ নিরাপত্তা জোরদার করা হবে।

যানজট এড়াতে ঢাকা থেকে সাভার যাওয়ার প্রধান সড়ক এবং জাতীয় স্মৃতিসৌধের আশপাশে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় জাতীয় স্মৃতিসৌধসহ সব অনুষ্ঠানস্থলে প্রয়োজনীয় জনবলসহ অগ্নিনির্বাপণী গাড়ি মোতায়েন রাখা হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191177