জয়পুরহাটে অনুষ্ঠিত হলো সূর্য পূজা

জয়পুরহাটে অনুষ্ঠিত হলো সূর্য পূজা

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে অনুষ্ঠিত হলো হিন্দু ধর্মাবলম্বীদের সূর্য পূজা। আজ রোববার (১৫ নভেম্বর) জয়পুরহাট চিনিকলের পুকুরপাড়ে এই পূজার আয়োজন করা হয়। জানা গেছে, প্রতিবছর কালী পূজার পর ষষ্টি তিথিতে সূর্য দেবতাকে সন্তুষ্ট করতে এ সূর্য পূজার আয়োজন করে হিন্দু ধর্মাবলম্বীরা।

আজ রোববার (১৫ নভেম্বর) সারাদিন উপবাস থেকে বিকেলে ভক্তরা ফুল, প্রসাদ, বাদ্য-বাজনাসহ পূজার বিভিন্ন সামগ্রী নিয়ে বাড়ি থেকে খালি পায়ে হেঁটে পুকুর পাড়ে সমবেত হন। এরপর সূর্যাস্তের আগ মুহূর্তে কোমর পানিতে হাতজোঁড় করে দাঁড়িয়ে সূর্যের দিকে মুখ করে ডালা-কুলায় সাজানো প্রসাদ নিয়ে প্রদ্বীপ জ্বালিয়ে সূর্যদেবের পূজা করেন।

এসময় ঢাক-ঢোলের বাদ্যে মুখরিত হয়ে উঠে চারপাশ। পূজায় শত শত ভক্তের সমাগম ঘটে পুকুর পাড়ে। আয়োজকরা জানায়, প্রতিবছর জয়পুরহাট সরকারি মহিলা কলেজের পুকুরপাড়ে এ পূজা উদযাপন হলেও সেখানে ঘাটের সমস্যা থাকায় চিনিকলের পুকুরপাড়ে এ পূজার আয়োজন করা হয়েছে।

প্রথমদিনের পূজা শেষে সোমবার ভোরে সবাই আবারও ওই পুকুর পাড়ে উপস্থিত হবেন। এরপর সূর্য উদয় হওয়ার পূর্ব মুহূর্ত থেকে একই নিয়মে পূজা শুরু হবে। সূর্যদোয় হওয়ার পর সূর্যকে প্রণাম করে স্নান করে শরবত পানের মধ্য দিয়ে শেষ হবে পূজা।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191165