সিরাজগঞ্জে মাদক মামলায় দু’জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে মাদক মামলায় দু’জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ সংবাদদাতা: সিরাজগঞ্জে পৃথক দুটি মাদক মামলায় দু’জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক মামলায় ২০ হাজার টাকা এবং অপর মামলায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে উভয়কে আরও দুই মাসের বিনাশ্রম কারাদন্ড ভোগ করতে হবে।

আজ রোববার (১৫ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মামুদপুর গ্রামের মৃত গোলজার হোসেন ব্যাপারির ছেলে শরিফুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ভবানিপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে জিয়াউল হক। রায় ঘোষণার সময় তাদের মধ্যে একজন আদালতে উপস্থিত ছিলেন। অপরজন পলাতক রয়েছেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৯ সালের ১৩ জুন তৎকালীন র‌্যাব-১২-এর সদস্যরা সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় মহাসড়কে যানবাহনে তল্লাশি চালান। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একতা পরিবহনের একটি বাস থেকে ১৯৯ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ জিয়াউল হককে আটক করা হয়। এ ঘটনায় র‌্যাব-১২-এর ডিএডি আবুল বাশার বাদি হয়ে মামলা করেন।

অপর মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১৩ অক্টোবর বেলকুচি থানা পুলিশ বিশেষ অভিযান চালায়। এ সময় উপজেলার মামুদপুর গ্রামের আনোয়ার বেগমের ঘরে হেরোইন কেনাবেচার অভিযোগে তাকে ও তার ১৪ বছর বয়সী ছেলে শরিফুল ইসলামকে আটক করা হয়।

পরে তাদের হেফাজত থেকে ৭৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশের উপপরিদর্শক আসলাম হোসেন বাদি হয়ে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ শরিফুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত তথ্য-প্রমাণের ভিত্তিতে দুই মামলায় এ দন্ডাদেশ দেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191157