বগুড়ার সোনাতলায় পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি : ৩০ ভরি স্বর্ণালঙ্কার লুট

বগুড়ার সোনাতলায় পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি : ৩০ ভরি স্বর্ণালঙ্কার লুট

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের বাড়ির জানালার গ্রিল কেটে ডাকাত দল ভিতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের জিম্মি করে ৩০ ভরি স্বর্ণালঙ্কার ও ৫ লাখ টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে আজ রোববার (১৫ নভেম্বর) ভোররাতে উপজেলার দিগদাইড় ইউনিয়নের সৈয়দ আহম্মদ কলেজ স্টেশন এলাকার শিহিপুর দক্ষিণপাড়ায়।

থানা সূত্রে জানা যায়, শিহিপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত মজিবুর রহমান মন্ডলের ছেলে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোয়াজ্জেম হোসেন মন্ডল (৭৫) তার দোতলা বসতবাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করেন। রোববার ভোররাতে ১০-১৫ জনের ডাকাত দল ওই বাড়ির নিচতলার উত্তর পাশের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে।

এরপর তারা তার ছেলের স্ত্রী কামরুন নাহার নূরের শয়নকক্ষে প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে স্টিলের আলমারি ও ড্রয়ার ভেঙে প্রায় ১৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করে। এদের মধ্যে একজন পাহারায় থাকে এবং অন্যরা বাড়ির দ্বিতীয় তলায় উঠে মোয়াজ্জেম হোসেনের ছোট ছেলের স্ত্রী মায়া খাতুনের কক্ষে প্রবেশ করে। তার স্বামী সাজ্জাদ হোসেন গত ১৪ বছর ধরে সিঙ্গাপুর প্রবাসী।

ডাকাত দল ওই কক্ষের আলমারি ভেঙে প্রায় ১১ ভরি স্বর্ণালঙ্কার ও ১ লাখ টাকা লুট করে। এছাড়া অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোয়াজ্জেম হোসেনের কক্ষে প্রবেশ করে তাকেও অস্ত্রের মুখে জিম্মি ও ভয়ভীতি প্রদর্শন করে তার রুমের আলমারীর তালা ভেঙে আরও চার ভরি স্বর্ণালঙ্কার ও ৪ লাখ টাকা নিয়ে যায়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, লুট হওয়া মালামালের মধ্যে রয়েছে প্রায় ৩০ ভরি স্বর্ণালঙ্কার ও ৫ লাখ টাকা। অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনের একটি দল ভোর আনুমানিক ৫টার দিকে বাড়ির পকেট গেট দিয়ে বের হয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে ওসি কবীর হোসেন বলেন, দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে স্বর্ণালঙ্কার ও টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191151