নওগাঁর মান্দায় কীটনাশকের দোকানের ৫ লক্ষাধিক টাকার মালামাল চুরি
মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার ফেরিঘাটের একটি কীটনাশকের দোকানে চুরি সংঘটিত হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে আরাফাত ট্রেডার্স নামের দোকান ঘরের পেছনে টিনের বেড়া কেটে ৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
ভুক্তভোগী আশরাফুল ইসলাম বলেন, গতকাল শনিবার রাত সাড়ে ৯টায় দোকানঘর তালাবদ্ধ করে বাড়ি চলে যান। আজ রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টায় মোবাইলফোনে দোকানে চুরির বিষয়ে জানতে পারেন। চোরেরা দোকানঘরের পেছনে মই লাগিয়ে টিনের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে। তারা দোকানঘর থেকে বিভিন্ন কোম্পানির পণ্য ভর্তি প্যাকেট ও বোতলজাত বিভিন্ন পণ্য নিয়ে যায়।
চুরির যাওয়া মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ টাকা বলে তিনি দাবি করেন। এছাড়া দোকানঘরের ক্যাশবাক্স ভেঙে ৫ হাজার টাকা নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় তিনি আজ রোববার (১৫ নভেম্বর) মান্দা থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আফজাল হোসেন বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গেছে। এরই মধ্যে তদন্ত কাজ শুরু করেছে পুলিশ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191148