দিনাজপুরের ঘোড়াঘাটে বাড়ির দরজার সামনে প্রবাসীর মরদেহ
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে রফিকুল ইসলাম তালুকদার (৫০) নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বাম চোখে আঘাতের চিহ্ন এবং গলায় ফাঁসের আলামত পাওয়া গেছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে এ হত্যাকান্ডের কারণ ও জড়িতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
গতকাল শনিবার রাতে উপজেলার বিরাহিপুর গুচ্ছগ্রামের কশিগাড়ি কাচারি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের বড় ভাই সাইদুল ইসলাম বাড়ির দরজার সামনে রফিকুল ইসলামের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন। নিহত রফিকুল ইসলাম ওই এলাকার সাইফুদ্দিন তালুকদারের ছেলে।
সাইদুল ইসলাম তালুকদার জানান, দীর্ঘ নয় বছর মালয়েশিয়ায় থাকার পর প্রায় দেড়বছর আগে দেশে ফেরেন রফিকুল। ছয় মাস আগে স্ত্রীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়। তাদের সংসারে দুই মেয়ে রয়েছে। বিচ্ছেদের পর দুই মেয়েকে নিয়ে তার সাবেক স্ত্রী বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে রফিকুল নিজ বাড়িতে একাই বাস করতেন।
ঘটনার দিন রাতে খাবার খেতে না আসায় রফিকুলকে কয়েকবার ফোন করা হয়। কিন্তু তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে খোঁজ নিতে তার বাড়ি গেলে দরজার সামনেই রফিকুলের মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি।
এ প্রসঙ্গে ঘোড়াঘাট-হাকিমপুর থানার দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন জানান, কী কারণে এবং কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ থানায় নেওয়া হয়েছে। পরবর্তি আইনি কার্যক্রম অব্যাহত আছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191147