বাংলাদেশের বিদায়ে সাফ ফাইনালের টিকিট মাত্র ২০০ টাকা

বাংলাদেশের বিদায়ে সাফ ফাইনালের টিকিট মাত্র ২০০ টাকা

বাংলাদেশের বিদায়ের প্রভাব পড়েছে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ঘিরে দর্শকদের আগ্রহে। সমর্থকদের প্রত্যাশা পূরণ না হওয়ায় ভারত-পাকিস্তান ফাইনাল নিয়ে কমেছে দর্শক টান। আর এর প্রভাব পড়েছে টিকিটের দামে। এক হাজার টাকা মূল্যের গ্যালারি টিকিট পাঁচগুণ কমে এখন বিক্রি হচ্ছে মাত্র ২০০ টাকায়।

আগামী ১৭ নভেম্বর ভারত ও পাকিস্তানের মধ্যকার সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে। ম্যাচটির টিকিট বিক্রির দায়িত্বে থাকা প্রতিষ্ঠান টিকিফাইয়ের ওয়েবসাইটে আজ গ্যালারি টিকিটের দাম দেখা গেছে ২০০ টাকা। অথচ বাংলাদেশ সেমিফাইনালে উঠলে দাম কমানোর পরও একই টিকিটের মূল্য ছিল ৮০০ টাকা।

পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়ের পর ফাইনালের গ্যালারি টিকিটের দাম কমেছে চার গুণ। তবে দাম এতটা কমানোর পরও গ্যালারি কতটা পূর্ণ হবে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনালে জাতীয় স্টেডিয়ামের প্রায় ২২ হাজার আসনের বিপরীতে উপস্থিত ছিলেন ২১ হাজার ৯৮৩ দর্শক। শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠার পর ফাইনালেও বাংলাদেশের খেলার স্বপ্ন দেখেছিলেন সমর্থকেরা। কিন্তু পাকিস্তানের কাছে হেরে সেই স্বপ্ন ভেঙে যাওয়ায় ভারত-পাকিস্তান ফাইনাল ঘিরে দর্শকদের আগ্রহ কতটা থাকে, এখন সেটিই দেখার বিষয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191146