মহেশখালীতে বিয়েবাড়িতে গুলির ঘটনায় সাতজন আহত

মহেশখালীতে বিয়েবাড়িতে গুলির ঘটনায় সাতজন আহত

কক্সবাজারের মহেশখালীতে বিয়েবাড়িতে ডাকাত ধরতে গিয়ে পুলিশ গুলি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে শিশু-কিশোরসহ সাতজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে মিনহাজ উদ্দিন (২৪) নামের এক যুবককে গুরুতর অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত অন্যরা হলেন দরগাহ ঘোনা এলাকার মৃত রশিদ মিয়ার ছেলে মিনহাজ উদ্দিন, ছিদ্দিক আহমদ বশিরের ছেলে আবদুর রহিম কালো (১৬), নাছির উদ্দিনের ছেলে রাহাত (১২), ইমাম হোসেনের ছেলে মো. ওয়াসিফ (৮), আজগরের ছেলে বাবু (১৮) ও কালু মাঝির ছেলে ছাদেক (২৫)।

আহত আরেকজনের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কালারমারছড়া পুলিশ ক্যাম্পের একটি দল ডাকাত ধরতে উত্তর নলবিলার দরগাহ ঘোনা এলাকায় অভিযান চালায়। ওই সময় স্থানীয় বাসিন্দা ভুট্টোর মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। সেখানে শিশু-কিশোরসহ অনেকেই আনন্দ-উৎসবে অংশ নিচ্ছিলেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আতঙ্কে লোকজন ছোটাছুটি শুরু করেন। এ সময় পুলিশ পেছন থেকে তিন রাউন্ড গুলি ছোড়ে বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। এতে সাতজন গুলিবিদ্ধ হন।

স্থানীয়দের ভাষ্য, মিনহাজের পায়ে একাধিক গুলি লাগায় তিনি পালাতে পারেননি।

পরে পুলিশ তাঁকে আহত অবস্থায় আটক করে। প্রথমে তাঁকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে এবং তাঁর বিরুদ্ধে কোনো মামলা না থাকায় পরিবারের জিম্মায় চিকিৎসার জন্য ছেড়ে দেওয়া হয়।

মিনহাজের ভাই কফিল উদ্দিন অভিযোগ করে বলেন, ‘আমার ভাইকে বিয়েবাড়িতে গুলি করে পুলিশ ধরে নিয়ে যায়। কালারমারছড়া ক্যাম্পে নিয়ে মারধর করে পরে মহেশখালী থানায় নেওয়া হয়।

তার বিরুদ্ধে কোনো মামলা না থাকলেও পুলিশ তাকে ডাকাতের গুলিতে আহত হয়েছে বলে ভিডিও বক্তব্য দিতে চাপ দেয়। ডাকাতদের বিরুদ্ধে মামলা করার শর্তও দেওয়া হয়। অন্যথায় অস্ত্র দিয়ে ফাঁসানোর হুমকি দেওয়া হয়। ভাইকে বাঁচাতে বাধ্য হয়ে ভিডিও বক্তব্য দিতে হয়েছে। পরে তাকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসি। আমরা এ ঘটনার বিচার চাই।

তবে পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সোলতান। তিনি বলেন, ‘বিয়েবাড়িতে একজন ডাকাতকে ধরতে পুলিশ অভিযান চালায়। এ সময় ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুজন নিরীহ মানুষ গুলিবিদ্ধ হন। পুলিশ কোনো গুলি ছোড়েনি। 

ভয়ভীতি দেখিয়ে বক্তব্য নেওয়া কিংবা পরিবারের কাছ থেকে জোর করে স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগও অস্বীকার করেন ওসি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191133