জয়পুরহাটের কালাইয়ে শিকল দিয়ে আটকে রাখা ছোট ভাইকে উদ্ধার : দুই বড় ভাই আটক
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে আপন ছোট ভাইয়ের পায়ে শিকল-বালা পরিয়ে একটি ঘরে আটকে রাখার অভিযোগ উঠার পর পুলিশ ঘটনা স্থলে গিয়ে পায়ে শিকল-বালা পরা অবস্থায় খোরশেদ আলম (৩১) নামে এক যুবককে উদ্ধার করেছে।
ওই ঘটনায় অভিযুক্ত বড় দুই ভাই আব্দুল মুমিন ও মাহফুজ আলমকে আটক করা হয়েছে। এ ঘটনা আজ রোববার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার পুনট উচ্চ বিদ্যালয় এলাকায় ঘটেছে।
শিকল-বালা পরা অবস্থায় ঘরে আটকে রাখা ছোট ভাই খোরশেদ আলম, অভিযুক্ত বড় ভাই আব্দুল মুমিন ও মাহফুজ আলমের বাবা পুনট পূর্বপাড়ার বাসিন্দা আব্দুল গনি। স্থানীয়দের অভিযোগ, এ ধরনের ঘটনা প্রচলিত আইনে একটি দন্ডনীয় অপরাধ এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘন বটে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে সমাজের অবক্ষয় আরও বৃদ্ধি পাবে।
পুলিশ, ভূক্তভোগী, অভিযুক্ত ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বেশকিছু দিন ধরে তিন ভাইয়ের মধ্যে বাবার কাছ থেকে প্রাপ্য জমাজমি নিয়ে বিরোধ চলে আসছিল। মাঝে মধ্যে খোরশেদ আলম তার ভাগের জমিগুলো বিক্রি করতে চান। এসবের জেরে তিন ভাইয়ের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। প্রতিবেশীদের নিয়ে বেশ কয়েক বার শালিসও হয়েছে।
গতকাল শনিবার সকালে খোরশেদ আলম ভাইদের সাথে দ্বন্দ্বের কারনে জমি বিক্রি করতে না পেয়ে ঘরের টিনগুলো বিক্রির জন্য খুলছিলেন। এ সময় বড় দুই ভাই আব্দুল মুমিন ও মাহফুজ আলম মিলে বাঁধা দেয়। একপর্যায়ে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লাগে।
পরে বড় দুই ভাই মিলে খোরশেদ আলমের পায়ে শিকল-বালা পরিয়ে ঘরের মধ্যে আটকিয়ে রাখেন। খবর পেয়ে পুলিশ রোববার দুপুরে ঘটনাস্থলে গিয়ে ঘরের ভিতর থেকে পায়ে শিকল-বালা পরা অবস্থায় উদ্ধার করেন। পরে অভিযুক্ত দুই ভাইকেও আটক থানায় নিয়ে আসেন।
থানা চত্বরে কথা হয় খোরশেদ আলমের সাথে। তিনি বলেন, আমি একজন হেজবুত তৌহিদ নামে একটি অরাজনৈতিক দলের সদস্য। আমি ওই দল করি বলে আমার বড় ভাইয়েরা জমি বিক্রি করতে দেয় না। এমনকি আমাকে বাড়িতেও ঢুকতে দেয় না। ওরা আমার উপর অনেক অত্যাচার করে। কিছু বললেই আমাকে মারপিট করে।
আজ রোববার (১৫ নভেম্বর) থেকে ওরা আমাকে জোর করে পায়ে শিকল-বালা পরিয়ে আটকে রেখেছে। আমি তখন থেকে না খেয়ে আছি। এর বিচার চাই। অভিযুক্ত আব্দুল মুমিন বলেন, আসলে আমরা ওর ভাল চেয়েছি। এখন দেখছি অপরাধী সেজেছি। পুলিশ আমাদেরকে ধরে এনেছে। কারও ভাল করতে গিয়ে যদি অপরাধ হয়ে থাকে, তাহলে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিকল-বালা পরা অবস্থায় খোরশেদ আলম নামে একজনকে উদ্ধার করেছে এবং অভিযুক্ত দুই ভাইকে থানায় নিয়ে আসে । কাউকে বেআইনিভাবে আটকে রাখা বা শিকল দিয়ে বেঁধে রাখা অবশ্যই অপরাধ। চাইলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191123