গাজীপুরে কিশোর গ্যাংয়ের বেপরোয়া তাণ্ডব, ভাঙচুরের শিকার একাধিক বাড়িঘর
ছিনতাইয়ের প্রতিবাদ করায় গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকায় বাড়িঘরে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে।
আজ রোববার (১৫ নভেম্বর) এ ঘটনায় সজীব ফকির নামে এক যুবক শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, টেপিরবাড়ি মাটির মসজিদ এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যরা শনিবার (১৪ নভেম্বর) দিনে পোশাক কারখানার শ্রমিকদের মোবাইল ফোন ছিনতাই করে। এসব ঘটনার প্রতিবাদ করেন ছফির উদ্দিন ও তার পরিবারের লোকজন।
পরে রাতে সাকিব ও মারুফ নামে দুজনের সঙ্গে ছফির উদ্দিনের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে তার দুই ছেলেকে মারধর করে এবং তার বাড়িসহ আশপাশের ছয়টি বাড়িতে হামলা চালায় কিশোর গ্যাংয়ের সদস্যরা।
একপর্যায়ে ওই বাড়িগুলোর দরজা-জানালা কুপিয়ে তছনছ করে তারা।
স্থানীয়রা আরও জানান, কিশোর গ্যাংয়ের তাণ্ডবে এলাকার মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
সন্ধ্যার পর পোশাক কারখানার শ্রমিকরা কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে তাদের নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। প্রতিবাদ করলেই মারধর করা হয়।
সজীব ফকির বলেন, সাকিবের নেতৃত্বে ২০-২৫ জনের একটি কিশোর গ্যাং তাদের বাড়ির পাশে আসে। এ সময় ফাঁকা জায়গায় ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে তারা। পরে রামদা ও চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের এবং আশপাশের ছয়টি বাড়িতে হামলা চালায়। একপর্যায়ে ঘরের দরজা-জানালা কুপিয়ে তছনছ করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এগিয়ে গেলে তার দুই ভাইকে এলোপাতাড়ি মারধর করে তারা।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে একজন লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।