রাষ্ট্রদ্রোহ মামলায় ৪ দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম
রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার (১৫ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া।
তিনি বলেন, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার আরআরএফের এসপি জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা করা হয়। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখা এবং পুলিশের স্পর্শকাতর তথ্য ফাঁসের অভিযোগে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। শনিবার (১৪ নভেম্বর) রাতে নগরীর পুলিশ অফিসার্স মেস থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি যৌথ দল তাকে গ্রেপ্তার করে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের স্পর্শকাতর তথ্য ফাঁসের ঘটনায় আর কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191104