তিন মুসলিম দেশে মার্কিন সহায়তা বন্ধের দাবি এল-সায়েদের

তিন মুসলিম দেশে মার্কিন সহায়তা বন্ধের দাবি এল-সায়েদের

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে, এমন দেশগুলোকে যুক্তরাষ্ট্রের আর্থিক ও সামরিক সহায়তা দেওয়ার নীতি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন মিশিগান থেকে নির্বাচিত মার্কিন সিনেটর আবদুল এল-সায়েদ। এ ক্ষেত্রে পাকিস্তান, মিসর ও সৌদি আরবের নাম উল্লেখ করে তিনি বলেছেন, কোনো দেশকেই শর্তহীন সামরিক সহায়তা দেওয়া উচিত নয়।

পিবিএস নিউজআওয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে এল-সায়েদ বলেন, মার্কিন করদাতাদের অর্থ মিসর, পাকিস্তান বা সৌদি আরবকে শর্তহীন সামরিক সহায়তা দেওয়ার জন্য ব্যয় করা উচিত নয়।

এর আগে এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারেও একই অবস্থান তুলে ধরেন তিনি। তার মতে, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে, এমন দেশগুলোকে সহায়তা দিতে মার্কিন করদাতাদের অর্থ ব্যবহার করা উচিত নয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকেও নিজেদের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখতে হবে।

এল-সায়েদ বলেন, বিষয়টি শুধু ইসরাইলের ক্ষেত্রে সীমাবদ্ধ রাখা যাবে না। মিসর, পাকিস্তান ও জর্ডানের ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করতে হবে। আন্তর্জাতিক আইন কার্যকর করতে যুক্তরাষ্ট্রকেই প্রথমে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।

ইসরাইলের উদাহরণ টেনে তিনি বলেন, কোনো দেশকে দেওয়া মার্কিন অর্থ ব্যবহার করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হলে, সেখান থেকেই জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ শুরু করা উচিত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বছরের শেষ নাগাদ ইসরাইলকে দেওয়া বার্ষিক প্রায় ৪০০ কোটি ডলারের সামরিক সহায়তা বন্ধের পরিকল্পনার কথা জানানোর পর এল-সায়েদের এই বক্তব্য সামনে এলো। ট্রাম্পের প্রস্তাবকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে প্রেসিডেন্ট সঠিক অবস্থান নিয়েছেন।

২০২৬ সালের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে ইতিহাস গড়েন প্রগতিশীল ডেমোক্র্যাট নেতা এল-সায়েদ। এর মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত প্রথম মুসলিম ব্যক্তি হন।

নির্বাচনে জয়ের পর ইসরাইলের কাছে মার্কিন অস্ত্র বিক্রিতে বিধিনিষেধ আরোপেরও আহ্বান জানান তিনি। তার অভিযোগ, যুক্তরাষ্ট্রের সরবরাহ করা কিছু অস্ত্র গণহত্যা ও বর্ণবৈষম্যমূলক কর্মকাণ্ডে ব্যবহার করা হচ্ছে। এ ধরনের কাজে ব্যবহৃত হতে পারে, এমন অস্ত্র ইসরাইলের কাছে বিক্রি বন্ধের দাবি জানান তিনি।

উল্লেখ্য, ২০২৮ সাল পর্যন্ত কার্যকর চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র বর্তমানে ইসরাইলকে বছরে ৩৮০ কোটি ডলারের সামরিক সহায়তা দিয়ে থাকে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191024