রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, এলাকায় আতঙ্ক
জামালপুর রেলওয়ে ওভারপাসের ওপর লাল স্কচটেপ প্যাঁচানো বোমাসদৃশ বস্তু নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় শহরের গেটপাড় এলাকায় রেলওয়ে ওভারপাসে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে লাল স্কচটেপ প্যাঁচানো বোমাসদৃশ বস্তুটি স্থানীয়দের নজরে আসে। বস্তুটির দুই পাশে তার দৃশ্যমান রয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এ সময় পুলিশ জায়গাটি ঘিরে ফেলে ও রেলওয়ে ওভারপাসে যান চলাচল বন্ধ করে দেয়। এ ঘটনায় শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে বস্তুটি আসলেই কোনো বোমা কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জেলার পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, বোমাসদৃশ বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করে নিরাপদে নিষ্ক্রিয় করা হবে। টাঙ্গাইলের ঘাটাইল ক্যান্টনম্যান্টের বোম ডিসপোজাল ইউনিটকে জানানো হয়েছে। তারা ইতিমধ্যে জামালপুরের উদ্দেশে রওনা দিয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191020