নাটোরের লালপুরে ৪ কোটি ১৮ লাখ টাকার সড়ক, দুই বছরেই মরণ ফাঁদ
লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে ২০২৩ সালের ডিসেম্বর মাসে ৪ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে উপজেলা পরিষদের সামনে থেকে গৌরীপুর পর্যন্ত ৪ কিলোমিটার আঞ্চলিক সড়কটি প্রশস্তকরন কাজ করে এলজিইডি।
কাজ শেষে এলজিইডিকে বুঝিয়ে দেয় ঠিকাদারী প্রতিষ্ঠান। তবে দুই বছর পার না হতেই চলাচল অনুপযোগী হয়ে পড়েছে জনগুরুত্বপূর্ণ এই সড়কটি। নিম্নমানের সামগ্রী দিয়ে সড়কটি সংস্কার করায় পিচ-কার্পেটিং উঠে সড়ক জুড়ে শতাধিক গর্তের সৃষ্টি হয়েছে।
লালপুর উপজেলা এলজিইডির দেওয়া তথ্য বলছে, আরডিআরআইপি প্রকল্পের আওতায় ৪ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে গোপালপুর থেকে গৌরীপুর পর্যন্ত ৪ কিলোমিটার সড়ক প্রশস্তকরনের কাজ করা হয়। ২০২৩ সালের ডিসেম্বর মাসে প্রকল্পের কাজ শেষ হয়েছে। সড়কটি প্রশস্তকরনের কাজ করে ঠিকাদারী প্রতিষ্ঠান ইএমটিইবিটিইএল প্রাইভেট লিমিটেড।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ৪ কিলোমিটার গুরুত্বপূর্ণ এই সড়কটির পিচ-কার্পেটিং উঠে গিয়ে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়কটি দিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে এসব গর্তে পড়ে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচলের এই প্রধান সড়কটি বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
চামটিয়া এলাকার বাসিন্দা সৌয়দ আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, রাস্তা সংস্কারের সময় দায়িত্বরত কর্মকর্তাদের সাথে যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন ব্যাপক অনিয়ম করেছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় রাস্তার এই অবস্থা হয়েছে। কাজের সময় কর্তৃপক্ষকে একাধিকবার জানানোর পরেও সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে।
এবিষয়ে কথা বলতে ঠিকাদারী প্রতিষ্ঠান ইএমটিইবিটিইএল এর সাথে একাধিকবার যোগাযোগ করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। উপজেলা এলজিইডির প্রকৌশলী আওলাদ হোসেন বলেন, রাস্তাটি তিনি সরেজমিনে পরিদর্শন করেছি। গুরুত্বপূর্ণ রাস্তাটি নতুন করে সংষ্কারে জন্য আরএনসি প্রকল্পের আওতায় এস্টিমেট পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদন হলে দ্রুতই রাস্তটি পুনরায় সংস্কার করা হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191005