বগুড়ার ধুনটে জুলাই বিপ্লবের গ্রাফিতির উপর লেখা জয় বাংলা শ্লোগান
ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে দেয়ালে আঁকা গ্রাফিতির ওপর স্থগিত হওয়া স্লোগান জয় বাংলা লেখার ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে এলাকায় চলছে নানা আলোচনা।
আজ শনিবার (১৪ নভেম্বর) সকালে ধুনট সরকারি ডিগ্রি কলেজের প্রধান গেট, উপজেলা পরিষদের প্রধান গেটে, ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়, ভরণশাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সিমানা প্রাচীরের দেয়ালে এ চিত্র দেখা গেছে। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতের কোনো এক সময় এটি ঘটিয়েছে দুর্বৃত্তরা।
গ্রাফিতিগুলো আঁকায় মুখ্য ভূমিকা পালনকারী জুলাই যোদ্ধা এস.এম জাকির হোসেন জানান, রাতের আঁধারে কোনো অপশক্তি গ্রাফিতিগুলো নষ্ট করেছে। এগুলোর ওপর জয় বাংলা স্লোগান লেখা হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এই কাজটি করেছে। দ্রুত তাদের আইনের আওতায় আনার দাবি করছি।
স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা জানান, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উপজেলার বিভিন্ন দেয়ালে প্রতিবাদী এসব চিত্র আঁকা হয়। শেখ হাসিনা ও আওয়ামী বিরোধিতার পাশাপাশি এসবে দেশপ্রেম, সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তাও জানানো হয়। তবে সকালে এসব গ্রাফিতির ওপর স্লোগান দুটি দেখতে পান তারা।
স্থানীয় বাসিন্দা রেজাউল করিম জানান, তারা গ্রাফিতির ওপর জয় বাংলা না লিখে অন্য কোথাও লিখতে পারতেন। কেন আমাদের চেতনার ওপর আঘাত করছেন? যারা এ কাজ করেছেন, তারা জুলাই বিপ্লবের চেতনা ধারণ করেন না, এটা তারই প্রমাণ। এ বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন বোরহান উদ্দিন নামের আরেক শিক্ষার্থী।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ বলেন, রাতের অন্ধকারে গোপনে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেয়ালে জয় বাংলা লিখেছে। তারা জয় বাংলা কায়েম করার চেষ্টা এবং নাশকতা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের কর্মকান্ড করছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে জয় বাংলা লেখা দেয়ালগুলো পরিদর্শন করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রাখা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190996