বগুড়ার সোনাতলায় কাঠের সাঁকোই ভরসা জোড়গাছাবাসীর, ঝুঁকি নিয়ে পারাপার

বগুড়ার সোনাতলায় কাঠের সাঁকোই ভরসা জোড়গাছাবাসীর, ঝুঁকি নিয়ে পারাপার

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: একটি সেতুর অভাবে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা এলাকার বাসিন্দাদের। দীর্ঘদিন ধরে একটি কাঠের সাঁকোর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এই সাঁকো পারাপার হচ্ছেন শিশু, শিক্ষার্থী, নারী, বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

স্থানীয়দের যাতায়াতের অন্যতম ভরসা এখন এই নড়বড়ে কাঠের সাঁকো। সামান্য অসতর্কতা কিংবা পা পিছলে গেলেই ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। পানির স্রোত ও পিচ্ছিল কাঠের কারণে সাঁকো পার হতে গিয়ে আতঙ্কে থাকেন পথচারীরা।

এলাকাবাসী আনোয়ার হোসেন রোকন, খোকন সরকার, জলি বেগম, মোনায়ারুল ইসলাম, নার্গিস বেগম, ফকরে মিয়া বলেন, দীর্ঘদিন ধরে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে এলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি। ফলে বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে কাঠের সাঁকোর ওপর দিয়ে চলাচল করতে হচ্ছে তাদের।

স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিষয়টি আরও উদ্বেগজনক। প্রতিদিন স্কুল-কলেজে যাতায়াতের সময় শিক্ষার্থীদের এই ঝুঁকিপূর্ণ পথ ব্যবহার করতে হয়। অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়া কিংবা জরুরি প্রয়োজনে যাতায়াতের ক্ষেত্রেও ভোগান্তির শেষ নেই।

একটি স্থায়ী ব্রিজ নির্মিত হলে এলাকার মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন স্থানীয়রা। জোড়গাছাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সরেজমিন পরিদর্শন করবেন এবং সেখানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

স্থানীয়দের প্রশ্ন—আর কত দিন কাঠের সাঁকোর ওপর জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হবে? একটি নিরাপদ ব্রিজ কি তাদের নাগরিক অধিকার নয়? এ বিষয়ে উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, অল্প সময়ের মধ্যে ওই স্থানে নতুন করে ব্রিজ নির্মাণ করা হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190993