টেকনাফে মাদকের বিরুদ্ধে এবার কঠোর অবস্থানে ছাত্রদল

টেকনাফে মাদকের বিরুদ্ধে এবার কঠোর অবস্থানে ছাত্রদল

দেশের সর্বদক্ষিণের সীমান্তবর্তী উপজেলা টেকনাফ থেকে মাদক নির্মূল করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির টেকনাফ উপজেলা শাখার নবগঠিত কমিটির উদ্যোগে আয়োজিত প্রায় ১০ হাজার নেতাকর্মী নিয়ে আয়োজিত শোভাযাত্রা পরবর্তী সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

আজ শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফ উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি সড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় উপজেলা শাখার আওতাধীন ১২টি সাংগঠনিক ইউনিটের নেতাকর্মীরা আলাদা আলাদা মিছিল নিয়ে যোগ দেয়।

পরে শোভাযাত্রাটি শাপলা চত্বরের ‘জিরো পয়েন্ট’ এ এসে সমাবেশে রূপ নেয়। এসময় উপজেলা ছাত্রদলের সভাপতি আবু হুরাইরা শামীম বলেন, যেভাবেই হোক টেকনাফ থেকে মাদক নির্মূল করা হবে। ছাত্রদল সন্ত্রাস ও মাদকমুক্ত সংগঠন। সীমান্তবর্তী এই উপজেলাকে ১৭ বছর ধরে পতিত ফ্যাসিস্টরা মাদকের কলঙ্কের দাগ লাগিয়েছিল। সেই দাগ মুছে দিতে আমরা উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখব। পাশাপাশি মানবপাচার-অপহরণসহ সবধরনের অপরাধে জড়িত অপরাধীদের প্রতিহত করতে ছাত্রদল সুন্দর সমাজ বিনির্মাণে কাজ করে যাবে।

সাধারণ সম্পাদক মোহাম্মদ আরমান বলেন, টেকনাফে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগকে কোনো প্রকারের নাশকতা করতে দেওয়া হবে না। রাজপথে থেকে ছাত্রদল সবধরনের বিশৃঙ্খলাকে মোকাবিলা করবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে সদা সজাগ থাকবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190980