হাম উপসর্গে আরও দুইজনের মৃত্যু

হাম উপসর্গে আরও দুইজনের মৃত্যু

দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন ঢাকা বিভাগের এবং অন্যজন সিলেট বিভাগের বাসিন্দা। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। শনিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য জরুরি অপারেশন সেন্টার ও নিয়ন্ত্রণকক্ষের হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৩ নভেম্বর সকাল ৮টা থেকে ১৪ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৮৪ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৮৩ জন। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯০২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ২ লাখ ৪৬ হাজার ৬৪৬ জন। এ সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২৫ হাজার ১১১ জন। সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২০ হাজার ২৪৭ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ১১ হাজার ৩০৩ জন।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২০১ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, পরীক্ষায় নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০৫ জনে। বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪৫২ জন এবং চট্টগ্রাম বিভাগে ২০৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। সিলেট বিভাগে শনাক্ত হয়েছেন ১৩৬ জন, বরিশালে ১০০ জন, ময়মনসিংহে ৫৭ জন, রংপুরে ৩১ জন, রাজশাহীতে ২৯ জন এবং খুলনায় ৭১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম পরিস্থিতি পর্যবেক্ষণে স্বাস্থ্য জরুরি অপারেশন সেন্টার ও নিয়ন্ত্রণকক্ষের মাধ্যমে নিয়মিত তথ্য সংগ্রহ ও প্রকাশ করা হচ্ছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190968