জাকাতের অর্থে মাদরাসা লাইব্রেরির জন্য বই কিনলে কি জাকাত আদায় হবে?

জাকাতের অর্থে মাদরাসা লাইব্রেরির জন্য বই কিনলে কি জাকাত আদায় হবে?

প্রশ্ন: জাকাতের টাকায় মাদরাসার পাঠাগারে জরুরি ইসলামি বইপত্র কিনে দিলে জাকাত আদায় হবে? মাদরাসার দরিদ্র ছাত্ররা বিনামূল্যে এই বইগুলো পড়তে পারে।

উত্তর: জাকাতের টাকায় মাদরাসার পাঠাগারের জন্য বইপত্র কিনে দিলে জাকাত আদায় হবে না। জাকাত আদায় হওয়ার জন্য জাকাত গ্রহণের উপযুক্ত ব্যক্তিদের জাকাতের অর্থের মালিক বানিয়ে দেওয়া জরুরি। মাদরাসার পাঠাগারে কিনে দেওয়া বইপত্রের মালিক মাদরাসা হয়, কোনো ব্যক্তি হয় না, ছাত্ররা কেবল কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে সাময়িক ব্যবহারের অধিকারী হয়।

বইপত্র কিনে দেওয়ার মাধ্যমে জাকাত আদায় করতে চাইলে জাকাত গ্রহণের উপযুক্ত দরিদ্র ছাত্রদেরকে বইপত্রের মালিক বানিয়ে দিতে হবে, মাদরাসাকে নয়।

তবে যে কোনো পাঠাগার বা মাদরাসার পাঠাগারে ইসলামি বইপত্র কিনে দেওয়া অনেক বড় সওয়াবের কাজ। এতে ইসলামের প্রচার-প্রসার করা ও দ্বীনি কাজে সহযোগিতা করার সওয়াব হয়। এটি সদকা জারিয়া বা ফায়েদা অব্যাহত থাকে এমন সদকার অন্তর্ভুক্ত।

আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, আদম সন্তান যখন মারা যায়, তখন তার তিন প্রকার আমল ছাড়া অন্য সব আমলের ধারা বন্ধ হয়ে যায়; ১. সদকায়ে জারিয়া (ফায়েদা অব্যাহত থাকে এ রকম সদকা যেমন মসজিদ নির্মাণ করা, কূপ খনন করে দেওয়া ইত্যাদি) ২. ইলম বা জ্ঞান যা দ্বারা মানুষ উপকৃত হতে থাকে ৩. সুসন্তান যে তার জন্য নেক দোয়া করতে থাকে। (সহিহ মুসলিম)

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190967