পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি সোয়া লাখ টাকায়

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি সোয়া লাখ টাকায়

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলের জালে ধরা পড়েছে ২৪ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি কাতল ও ১৩ কেজি ৮০০ গ্রাম ওজনের দুটি চিতল মাছ। মাছ তিনটি নিলামে ১ লাখ ১২ হাজার ৩৩৫ টাকায় ক্রয়ের পর ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ লাখ ১৪ হাজার ৯৬০ টাকায় বিক্রি করা হয়েছে।

আজ শনিবার (১৪ নভেম্বর) সকালে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা ও যমুনা নদীর মোহনায় পৃথকভাবে জাল ফেলেন জেলে মন্টু হালদার ও মিঠু হালদার। এ সময় মন্টু হালদারের জালে বড় একটি কাতল এবং মিঠু হালদারের জালে দুটি চিতল মাছ ধরা পড়ে।

পরে সকাল ১০টার দিকে মাছগুলো বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছের আড়তে নিয়ে আসেন জেলেরা। বড় আকৃতির মাছ দেখতে আড়তে ভিড় করেন স্থানীয় জেলে, মাছ ব্যবসায়ী ও উৎসুক মানুষ।

আড়তে উন্মুক্ত নিলামে ২৪ কেজি ৯০০ গ্রাম ওজনের কাতল মাছটি প্রতি কেজি ২ হাজার ৩৫০ টাকা দরে ৫৮ হাজার ৫১৫ টাকায় কিনে নেন মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ। অন্যদিকে ১৩ কেজি ৮০০ গ্রাম ওজনের দুটি চিতল মাছ প্রতি কেজি ৩ হাজার ৯০০ টাকা দরে ৫৩ হাজার ৮২০ টাকায় কেনেন তিনি। সব মিলিয়ে মাছ তিনটি কেনেন ১ লাখ ১২ হাজার ৩৩৫ টাকায়।

পরে অনলাইন প্ল্যাটফর্ম, ভিডিও কল ও মুঠোফোনের মাধ্যমে ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করেন সম্রাট শাহজাহান। একপর্যায়ে ঢাকার বনানীর এক ব্যবসায়ীর কাছে কাতল মাছটি প্রতি কেজি ২ হাজার ৪০০ টাকা দরে ৫৯ হাজার ৭৬০ টাকায় এবং চিতল মাছ দুটি প্রতি কেজি ৪ হাজার টাকা দরে ৫৫ হাজার ২০০ টাকায় বিক্রি করেন। এতে মাছ তিনটির মোট বিক্রয়মূল্য দাঁড়ায় ১ লাখ ১৪ হাজার ৯৬০ টাকা।

মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ জানান, শনিবার বেলা ১০টার দিকে আড়তে নিলামে অংশ নিয়ে মাছগুলো কেনেন তিনি। পরে অনলাইনে বিভিন্ন ক্রেতার সঙ্গে যোগাযোগ করে ঢাকার বনানীর এক ব্যবসায়ীর কাছে মাছগুলো বিক্রি করেন।

গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, পদ্মা নদীর মাছের স্বাদ ও গুণগত মানের কারণে দেশজুড়ে আলাদা পরিচিতি রয়েছে। বড় আকৃতির চিতল, কাতল, বোয়াল ও পাঙাশসহ বিভিন্ন প্রজাতির মাছ ক্রেতাদের কাছে বিশেষ আকর্ষণ তৈরি করে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190949