সিদ্ধিরগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদলের সাবেক নেতাসহ গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাকিব হাসান রিফাত (২২) নামে ছাত্রদলের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাঁর এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। অভিযানে ইয়াবা বিক্রির নগদ ৫২ হাজার ১৫০ টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আজ শনিবার (১৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম।
এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) গভীর রাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ের টাইগার রুলিং মিলস এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রিফাত শিমরাইল এলাকার মুন্সীবাড়ির মৃত হাসান পারভেজ মুন্সীর ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক। অপর গ্রেপ্তার ব্যক্তি জাহিদ হাসান রনি (৩০) শিমরাইল দক্ষিণপাড়া এলাকার মৃত আলী আকবরের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পালানোর চেষ্টাকালে তাঁদের আটক করা হয়। পরে রিফাতের পকেট থেকে ৫০ পিস ইয়াবা ও নগদ ৫২ হাজার ১৫০ টাকা এবং রনির কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫৪ হাজার টাকা।
স্থানীয়দের অভিযোগ, রিফাত দীর্ঘদিন ধরে শিমরাইল ট্রাক টার্মিনাল ও আশপাশের এলাকায় মোটরসাইকেল ব্যবহার করে ইয়াবা সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. নজরুল ইসলাম জানান, ইয়াবাসহ রিফাত ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190940