এগিয়ে থাকা ভারতকে আজ চমকে দিতে চায় ভুটান
স্পোর্টস ডেস্ক : মুখোমুখি পাঁচবারের লড়াইয়ের সবকটিতেই জিতেছে ভারত। প্রতিটি ম্যাচেই ভুটানের বিপক্ষে ভারত একাধিক গোল করেছে। ১৬ গোলের বিপরীতে ভারত হজম করেছে মাত্র এক গোল। শুধু এই পরিসংখ্যানই সাফ চ্যাম্পিয়নশিপে রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়ন ভারত সব বিভাগেই ভুটানের চেয়ে যোজন যোজন এগিয়ে।
ঢাকার জাতীয় স্টেডিয়ামে আজ বিকেল ৩টায় শুরু হতে যাওয়া প্রথম সেমিফাইনালে ভুটানের বিপক্ষে ফেভারিট ভারতই। কিন্তু ১৮ বছর পর সাফের সেমিফাইনালে ওঠা ভুটান ঢাকার মাঠে চমক দিতে চায়। নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারে দক্ষিণ এশিয়া ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতার ফাইনাল খেলার স্বপ্ন দেখছে ‘ড্রাগন বয়েজ’রা।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচের জন্য এবারের সাফে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ‘বি’ দল পাঠিয়েছে। খর্ব শক্তির দল নিয়ে আসা ভারত গ্রুপ পর্বের দুটি ম্যাচেই জিতেছে। প্রথমটিতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৩-২ এবং পরের ম্যাচে মালদ্বীপকে হারায় ১-০ গোলে। বিপরীতে ভুটান এই আসরে বাংলাদেশের কাছে ১-০ গোলে হেরে শুরু করে। এরপর শক্তিশালী শ্রীলঙ্কার বিপক্ষে পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করে। মূল্যবান সেই ১ পয়েন্টই তাদের সেমিফাইনালে তুলেছে। কেননা শ্রীলঙ্কা তাদের গ্রুপ পর্বের শেষ খেলায় স্বাগতিকদের কাছে স্রেফ উড়ে গেছে ৪-০ গোলে হেরে।
সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে আগের তিনটি দেখাতে জিতেছে ভারত এবং রেকর্ডটি আরও সমৃদ্ধ করার দিক থেকে আজ তারাই ফেভারিট। তবে ভুটানও সব হিসাব-নিকাশ উল্টে দিয়ে প্রথমবারের মতো ফাইনালে ওঠার স্বপ্ন দেখছে। প্রতিপক্ষ হিসেবে ভারতের মুখোমুখি হওয়া প্রসঙ্গে ভুটান কোচ গ্যারি ফিলিপস বলেন, ‘ভারত অত্যন্ত শক্তিশালী একটি দল এবং ফুটবলে তাদের দারুণ অভিজ্ঞতা রয়েছে। ভারতের জনসংখ্যা যেখানে দেড়শ’ কোটির কাছাকাছি, সেখানে ভুটানের জনসংখ্যা মাত্র আট লাখের মতো। জনসংখ্যা, ফুটবল সংস্কৃতি এবং অভিজ্ঞতার দিক থেকে বিশাল পার্থক্য তো রয়েছেই। তবে এটি আমাদের জন্য একটি দারুণ সুযোগ এবং আমরা বড় চ্যালেঞ্জের মুখেই নামছি।’
পরিষ্কারভাবে শনিবার হতে যাওয়া ম্যাচে ফেভারিট ভারত। তবুও সমীকরণ নিয়ে খুব একটা ভাবতে নারাজ ভারত কোচ নওশাদ মুসা, ‘এই মুহূর্তে আমার মূল মনোযোগ ভুটানকে ঘিরে। ভুটানের বিপক্ষে কীভাবে ভালো ফুটবল খেলতে পারি এবং ম্যাচটি জিততে পারি, সেটিই গুরুত্বপূর্ণ।’ ভুটান দল সম্পর্কে বেশ সতর্ক ভারতীয় শিবির। ‘ভুটান বেশ শক্তিশালী দল। তাদের খেলা দেখে বুঝেছি, তারা বেশ গতিশীল এবং কৌশলগতভাবেও শক্তিশালী। তাদের রক্ষণ সামলানোর ধরন এবং প্রতি-আক্রমণে ওঠার পদ্ধতি বেশ ভালো। খেলোয়াড়েরা দ্রুতগতির এবং সুযোগ কাজে লাগাতেও দক্ষ।’
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190927