মিশরের ইতিহাস নতুন করে লিখলেন সালাহ 

মিশরের ইতিহাস নতুন করে লিখলেন সালাহ 

স্পোর্টস ডেস্ক : একসময় ছিলেন মিশরের আক্রমণভাগের ভরসা, এবার দেশের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। জোড়া গোল করে নতুন উচ্চতায় উঠলেন মোহামেদ সালাহ। মালাউইয়ের বিপক্ষে মিশরের বড় জয়ে নিজের ৭০তম আন্তর্জাতিক গোলটি করে গড়েছেন নতুন রেকর্ড। ছাড়িয়ে গেছেন সদ্য সাবেক হওয়া কোচ হোসাম হাসানকে।

শুক্রবার আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইপর্বের ম্যাচে মালাউইকে ৫-০ গোলে হারিয়েছে মিশর। ম্যাচের ৮৪ মিনিটে প্রথম গোলটি করেন ৩৪ বছর বয়সী সালাহ। তাতেই ছুঁয়ে ফেলেন হোসাম হাসানের করা রেকর্ড। এরপর যোগ করা সময়ে পেনাল্টি থেকে পানেনকা শটে নিজের দ্বিতীয় গোলটি করেন লিভারপুলের সাবেক এই ফরোয়ার্ড। সেটিই তাকে নিয়ে যায় মিশরের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে।

২০১১ সালে মিশর জাতীয় দলে অভিষেক হয়েছিল সালাহর। এরপর দেশের হয়ে খেলেছেন ১২৩টি ম্যাচ। দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এবার ৭০ গোলের মাইলফলক ছুঁয়ে ছাড়িয়ে গেলেন এত দিন শীর্ষে থাকা হোসাম হাসানকে। ক্লাব ফুটবলেও দুর্দান্ত সময় পার করছেন সালাহ। বর্তমানে তুরস্কের ক্লাব ট্রাবজোনস্পরের হয়ে খেলছেন তিনি। চলতি মৌসুমে লিগে ১১ ম্যাচে করেছেন ৯ গোল। তুর্কি সুপার লিগে প্রথম সাত ম্যাচেই ১০ গোলে অবদান রাখার কীর্তিও গড়েছেন তিনি। ২০১৪-১৫ মৌসুম থেকে এই পরিসংখ্যান সংরক্ষণ শুরু হওয়ার পর এমন কীর্তি আর কোনো খেলোয়াড়ের নেই।

লিভারপুলে নয় বছরের ক্যারিয়ারেও একাধিক রেকর্ড গড়েছেন সালাহ। ইংলিশ প্রিমিয়ার লিগে ক্লাবটির হয়ে ১৯১ গোল করে হয়েছেন লিভারপুলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। প্রিমিয়ার লিগে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ ২৭৭ গোলে অবদান রাখার রেকর্ডও তার দখলে। এবার জাতীয় দলের হয়েও গোলের নতুন রেকর্ড গড়ে মিশরীয় ফুটবলে নিজের শ্রেষ্ঠত্ব আরও একবার প্রমাণ করলেন সালাহ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190924