চীনে ঐতিহাসিক বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প-শি-পুতিন

চীনে ঐতিহাসিক বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প-শি-পুতিন

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার শীর্ষ নেতারা আগামী সপ্তাহে এক ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের সহকারী প্রেস সেক্রেটারি।

বিবৃতিতে বলা হয়েছে,  চীনের প্রযুক্তিনগরী শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হবে। ওয়াশিংটন ও মস্কোর মধ্যে সবশেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ শেষ হওয়ার নয় মাস পর এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর ফলে বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্রের মজুত থাকা যুক্তরাষ্ট্র ও রাশিয়া প্রথমবারের মতো ৫০ বছরেরও বেশি সময় পর কোনো সীমাবদ্ধতা ছাড়াই পারমাণবিক অস্ত্রের ভান্ডার বাড়ানোর সুযোগ পেয়েছে।

বৈঠকের এজেন্ডায় কী আছে?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, এই বৈঠকটি তিনটি দেশের জন্যই পারমাণবিক মজুতের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর সুযোগ। নতুন কৌশলগত অস্ত্র হ্রাস চুক্তি (নিউ স্টার্ট)-এর মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। মস্কো এই চুক্তি আরও এক বছর বাড়ানোর প্রস্তাব দিলেও ট্রাম্প সেটি প্রত্যাখ্যান করেন। পাশাপাশি তিনি একটি ‘নতুন, উন্নত ও আধুনিক’ চুক্তির দাবি জানান, যাতে চীনও অন্তর্ভুক্ত হবে।

তবে এ নিয়ে কোনো ত্রিপক্ষীয় চুক্তি পৌঁছানোর সম্ভাবনা খুবই কম। ট্রাম্প প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্স বলেন, ‘আমরা কোনো ধরনের সমঝোতায় পৌঁছানোর আশা করছি না।’  বৈঠকটিকে একটি আলোচনার সূচনা হিসেবে বর্ণনা করেছেন তিনি। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি পারমাণবিক ওয়ারহেড রয়েছে রাশিয়ার কাছে। এরপরই রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র ও চীনের কাছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, প্রেসিডেন্ট ট্রাম্প চীন ও রাশিয়ার নেতাদের সঙ্গে ইরান যুদ্ধ নিয়ে আলোচনার পরিকল্পনা করছেন। তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করা থেকে বিরত থাকবেন। ওই কর্মকর্তা আরও জানান, ইলন মাস্ক ট্রাম্পের সঙ্গে চীনে গেলেও বৈঠকে উপস্থিত থাকবেন না। এছাড়া এই সফরের সময় ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাক্ষাতেরও কোনো সম্ভাবনা নেই।

এতিবে পরিকল্পিত এই ত্রিপক্ষীয় বৈঠককে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সঙ্গে তুলনা করছেন অনেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বব্যবস্থার রূপরেখা নির্ধারণে ওই সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়নের নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তবে ইয়াল্টা সম্মেলনের সঙ্গে বর্তমান বৈঠকের তুলনা নাকচ করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, চীনের শেনজেনে কোনো চুক্তি বা সমঝোতা হলেও তা অন্য দেশের ওপর চাপিয়ে দেয়া যাবে না। তবে বৈঠকটিকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলে উল্লেখ করেছেন তিনি। সূত্র : আল জাজিরা

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190917